সর্বশেষ সংবাদ :

সবজির বাজারে স্বস্তির হাওয়া

স্টাফ রির্পোটার: কয়েক মাস ধরে টানা উচ্চ দামে থাকা রাজশাহীর সবজির বাজারে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। এক সময় যেখানে অধিকাংশ সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে এখন দাম নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, মাঠে নতুন সবজি উঠতে শুরু করেছে শীত পুরোপুরি নামলে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীর সাহেববাজার, ভদ্রা ও লক্ষ্মীপুর বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজিতেই আগের তুলনায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে দাম। বাজারে প্রতি কেজি করলা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়শ ৫০ টাকা, বরবটি ৭০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঝিঙে ৫০ টাকা, ধন্দুল ৫০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, পটল ৪০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ২০ টাকা, লাউ ৫০ টাকা (প্রতি পিস), ফুলকপি ৫০ টাকা (ছোট), বাঁধাকপি ৪০ টাকা (ছোট), মূলা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৩৫ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১১০ টাকা, গাজর ৮০ টাকা, আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে এখন ক্রেতাদের মুখে স্বস্তির হাসি। যদিও টমেটো, গাজর ও কাঁচামরিচের মতো কিছু পণ্যের দাম এখনো উঁচু, তবে সামগ্রিকভাবে সবজির বাজার কিছুটা শান্ত হয়েছে। নগরীর ভদ্রা এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম বলেন, “গত কয়েক মাস ধরে বাজারে ঢুকলেই ভয়ে যেতাম সবজির দাম যেন আগুন। এখন কিছুটা স্বস্তি লাগছে। বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে, যদিও কিছু সবজি এখনো ১০০ টাকায় রয়ে গেছে।” অন্যদিকে সাহেববাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক জানান, “নতুন সবজি উঠছে মাঠে। সরবরাহ বাড়ায় দামও কমে এসেছে। শীত পড়লে নতুন সবজি আরও বেশি আসবে তখন দাম আরও কমে যাবে।”
কয়েকজন প্রান্তিক পর্যায়ের চাষীর সাথে কথা বললে তারা জানান, সবজির দাম কমার পেছনে প্রধান কারণ সরবরাহ বৃদ্ধি। মাঠে নতুন মৌসুমের সবজি ওঠায় বাজারে সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা দরে। কৃষি কর্মকর্তারা বলছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন শীতকালীন সবজি ব্যাপক হারে বাজারে উঠবে তখন দাম আরও স্থিতিশীল হয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে শীতকালীন সবজি পুরোপুরি বাজারে এলে দাম আরও কমবে, আর বাজারে ফিরবে পুরোনো ভারসাম্য।


প্রকাশিত: October 25, 2025 | সময়: 3:41 am | সুমন শেখ