, , ।
স্টাফ রিপোর্টার: ‘আজ দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণ চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে তাদের ভোটের অধিকার সুরক্ষিত থাকবে। বিএনপির ৩১ দফা রূপরেখা সেই গণতান্ত্রিক ভবিষ্যতের দিকনির্দেশনা। এই রূপরেখার মূল লক্ষ্য ক্ষমতার জন্য বিভাজন নয়, বরং জাতিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা। কারণ ঐক্যবদ্ধ জাতিই পারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চিত করতে।’
শনিবার (১১ অক্টোবর) বিকেলে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের সুফিপাড়া বাজারে ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ বিষয়ক উঠান-বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
বিএনপির নেতা রায়হান বলেন,“আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাই। জনগণ যেন আমাদের আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়, সেজন্য ৩১ দফা রূপরেখা ঘরে-ঘরে, গ্রামে-গ্রামে পৌঁছানো আমাদের লক্ষ্য। জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের মূল উদ্দেশ্য।” রায়হান আরও বলেন, ‘বিএনপির এই উঠান-বৈঠক শুধু দলীয় কর্মসূচি নয়; এটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরার একটি উদ্যোগ। আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই—দ্বন্দ্ব নয়, ঐক্যের মাধ্যমে।’
বড়গাছি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে সুফিপাড়া বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচিতে পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়গাছি ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা নেসারত আলী এবং সঞ্চালনা করেন নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা, বড়গাছি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাদরুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা রফিকুল ইসলাম, রাজশাহী জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া তিবরান।
উঠান-বৈঠক শেষে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি পথসভা বের হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা জনগণের হাতে বিএনপির ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে আগামীতে গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ার ধারণা দেন।