, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষক আহত হয়েছেন বলে পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান। নিহত শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। আর আহত দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, এই দুই শিক্ষক মাছ ধরার সরঞ্জাম নিয়ে স্কুটিতে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। স্কুটি চালাচ্ছিলেন আসাদুজ্জামান বাদশা, তার পেছনে ছিলেন শিব শংকর রায়। নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাদের স্কুটিকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অধ্যাপক শিব শংকরকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও মেডিকেল অফিসার শংকর কে বিশ্বাস বলেন, “হাসপাতালের আনার আগেই অধ্যাপক শিব শংকর রায় মারা যান। আর অধ্যাপক আসাদুজ্জামানকে প্রথমে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। “সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।’’
এদিকে অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুর খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগেশোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লেখেন, “সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেলেন অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। “অপরজন অধ্যাপক আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত, বর্তমানে রামেকে চিকিৎসাধীন।”
এদিকে, রাবি মার্কেটিং বিভাগের প্রফেসর শিব শঙ্কর রায়ের প্রয়াণে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় প্রফেসর শিব শঙ্কর রায়ের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রফেসর শিব শংকর রায় পাবনা জেলার সুজানগর উপজেলায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৯৭ সালে মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৫ সালে প্রফেসর পদে উন্নীত হন।
দুপুরে প্রফেসর শিব শংস্করের মরহেদ রবীন্দ্র ভবনের সামনে আনা হয়। সেখানে উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
একই দুর্ঘটনায় দর্শন বিভাগের প্রফেসর মো. আসাদুজ্জামান গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় চিকিৎসাধীন প্রফেসর মো. আসাদুজ্জামানকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসা খোঁজখবর নেন। তাঁরা তাঁর আশু সুস্থ্যতা কামনা করেন।