সর্বশেষ সংবাদ :

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি বাসমাশিস : রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার: ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’- স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে রোববার (৫ অক্টোবর) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীল, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব প্রমুখ বক্তৃতা করেন। সভায় বক্তাগণ শিক্ষকদের মর্যাদা ও জাতি গঠনে তাঁদের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীতে বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন উপজেলায় নানান কর্মসূচি পালন করা হয়েছে।
বাসমাশিস: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজশাহী কলেজিয়েট স্কুলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজশাহীর ব্যবস্থাপনায় এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তন ভবনে এ-ই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের রাজশাহী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহনেওয়াজ খান, সিনিয়র শিক্ষক, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং সদস্য সচিব শহীদুল্লাহ, শিক্ষক, রাজশাহী কলেজিয়েট স্কুল।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের আঞ্চলিক ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। এর মধ্যে ছিলেন কমিটির আহ্বায়ক ও আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) মো. আব্দুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা আখতার জাহান, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক ড. শাহানাজ বেগম, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. দিল মাহমুদা বেগম, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল এবং হাজী মুহম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্তমান আরা খানমসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, জাতীয় শিক্ষা কমিশন ২০০৩ ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ সুস্পষ্টভাবে মাধ্যমিক শিক্ষার জন্য একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও তা বাস্তবায়ন হয়নি। ফলে মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে।
তারা জানান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার জন্য ইতোমধ্যে পৃথক অধিদপ্তর গঠিত হলেও মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়নি। অথচ একাধিক গবেষণা, জাতীয় কর্মশালা ও প্রশাসনিক সংস্কার কমিশনের প্রতিবেদনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে ভেঙে দুটি পৃথক অধিদপ্তর করার সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ও ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ নামে দুটি পৃথক অধিদপ্তর গঠনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছে। ইতোমধ্যে অনুমোদনের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়। তবে একটি মহল এ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে বক্তারা অভিযোগ করেন।
৫ দফা দাবি: সংবাদ সম্মেলনে বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি লেভেল নবম গ্রেডে উন্নীতকরণ। সরকারি কলেজ শিক্ষকদের ন্যায় চার স্তরের একাডেমিক পদসোপান বাস্তবায়ন। আঞ্চলিক উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ। প্রায় এক হাজার শিক্ষকের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল মঞ্জুরি।
কর্মসূচি ঘোষণা: শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত সময়ে একাধিক আন্দোলন ও মানববন্ধন করা হলেও ন্যায্য দাবি পূরণ হয়নি। তারা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও তা কার্যকর হয়নি।
এরই ধারাবাহিকতায় আজ বিশ্ব শিক্ষক দিবসে দেশের ৬৪ জেলায় একযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ না হলে বিভাগীয় পর্যায়ে শিক্ষক সমাবেশ এবং জাতীয় পর্যায়ে ঢাকায় শিক্ষক মহাসমাবেশসহ আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা প্রধান উপদেষ্টার অনুমোদিত আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট চলতি মাসের ১৫ অক্টোবরের মধ্যে প্রকাশের জোর দাবি জানান। একই সঙ্গে সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া টাইমস্কেল ও পদোন্নতি দ্রুত কার্যকর করারও আহ্বান জানানো হয়।
মহাদেবপুর: মহাদেবপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং গুণি শিক্ষকদের সংবর্ধনার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ অক্টোবর রবিবার সকাল ১১ টার সময় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানী ইসরাইলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষক দিবস উদযাপ কমিটির সদস্য সচিব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতি আরা, চাঁন্দাশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, জোয়ানপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিকুর রহমান, গোফানগর মাদ্রাসার সুপারেন্টেন্ড মওলানা মো: আব্দুল ওয়াহেদ, সাবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ সাহা প্রমুখ। আলোচনা শেষে তাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনিতা রানী এবং ধনজইল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা নাসরিনকে গুণি শিক্ষকের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বিশ্ব শিক্ষক দিবসে বক্তারা বেসরকারি শিক্ষকসহ সকল শিক্ষকদের বেতন বৈষম্যে এবং নানা দাবী-দাওয়া উল্লেখ করে অনতিবিলম্বে শিক্ষকদের কষ্ট দূর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১০টায় নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্ঠার দীপ্ত’ এপতিপাদ্য উপজীব্য করে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতির নাচোল উপজেলা শাখার সভাপতি ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রার সুপারিন্টেন্ডেন্ট মাহবুবুল আলম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম মহসিন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট তোফাজ্জুল হক, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিস এর সাবেক সাধারণ সম্পাদক অব্দুর রহিম, সোনাইচন্ডী বালিকা বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক ওবাইদুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উজিরপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাও. শরিফুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবী দাওয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান সরকারের নিকট পেশ করেন।
পাঁচবিবি: র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০’টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে অংশগ্রহণ করেন উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। পাঁচবিবি লাল বিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভাস্থলে এসে সমবেত হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সহ বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, লালবিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, সড়াইল কলেজের প্রভাষক আহসান হাবিব সহ অনেকেই।
আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডল।
বাগাতিপাড়া: ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি’ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা।
উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি জনাব সাজ্জাদ হোসেন এবং সম্পাদক জনাব আলমগীর হোসেন,পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফিন। সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন ডলার।
বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের ভিত্তি। শিক্ষকতাকে সম্মিলিত প্রচেষ্টার একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানায়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল উপজেলা পর্যায়ের বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটি, বাগাতিপাড়া।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। তিনি তার বক্তব্যে শিক্ষকদের অঙ্গীকার ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের নিরলস প্রচেষ্টাকে জাতির ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন শিক্ষকরা হচ্ছেন সমাজের চালিকাশক্তি যারা আগামী প্রজন্মকে আলোর পথ দেখান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবিব, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইয়েদা পারভীন সাকিলা, আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সরকার, সুতরানা মাধ্যমিক উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমান প্রমুখ।


প্রকাশিত: October 6, 2025 | সময়: 4:35 am | সুমন শেখ