সর্বশেষ সংবাদ :

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা: রায়হান

স্টাফ রিপোর্টার: জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন,“গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা। দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রের মালিক হয়েও তারা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারছে না। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। গণতান্ত্রিক শক্তির বিজয় ছাড়া এ দেশে শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতা ফিরে আসবে না।”
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নওহাটা পৌরসভার দুয়ারী মোড়ে অনুষ্ঠিত ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এই কর্মশালার আয়োজন করে নওহাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। এই কর্মশালাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্মশালার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহার সভাপতিত্বে পবা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং বিএনপি নেতা-কর্মীরা জনগণের হাতে ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন। তারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে ধারণা দেন।
এসময় জেলা বিএনপির নেতা রায়হান জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,“এই উঠান-বৈঠক শুধু দলীয় কর্মসূচির অংশ নয়, বরং জনগণের কাছে ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের রূপরেখা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। জনগণ ঐক্যবদ্ধ হলে অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তির জয়লাভ নিশ্চিত হবে।” পলাতক স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন,“পলাতক স্বৈরাচারী এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করেছিল। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ায় মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে একটি ঐকমত্যভিত্তিক জাতীয় সরকার গঠন করে ৩১ দফা রূপরেখার আলোকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নেবে। তার দাবি, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে টেকসই উন্নয়ন ও সুশাসনের ভিত্তি স্থাপিত হবে।
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে রায়হান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ঐতিহ্যবাহী শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলেও এটি সবার আনন্দের উৎসব। বিএনপির ৩১ দফায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। কোনো দুস্কৃতিকারী যাতে মানুষের ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”
রায়হান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা হচ্ছে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের নকশা। এতে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনে জবাবদিহিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার রয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা বলেন,“বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা চাই, জনগণ নির্ভয়ে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারুক। এক্ষেত্রে বিএনপির ৩১ দফায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার অঙ্গীকার আমাদের জন্য আশাব্যঞ্জক। এই কর্মসূচি বাস্তবায়িত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে এবং প্রতিটি নাগরিক নিজের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে।”
কর্মশালার নওহাটা পৌর শাখার কৃষকদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখছেন- পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন হাবিব, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম।


প্রকাশিত: October 4, 2025 | সময়: 4:06 am | সুমন শেখ