, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে পঞ্চমদিনে এসে স্বাভাবিক হয়েছে দূর পাল্লার বাস চলাচল। এতে দূভোর্গ থেকে রক্ষা পেয়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার বিকেল ৫টা থেকে শ্রমিক-মালিক পক্ষের মধ্যে আলোচনার পর বাস চলাচল শুরু হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল। এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছিল।
গত সোমবার বেলা ২টার দিকে সমঝোতার মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটসহ দূরপাল্লার বাস চালুর সিদ্ধান্ত হয়। এরপর বিকেল ৪টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছিল। মালিকরা ধর্মঘট প্রত্যাহার করার পরপরই কর্মবিরতি শুরু করে শ্রমিকেরা। এতে আবারো বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল। রাজশাহী সহ তিন জেলায় মালিক-শ্রমিক দ্বন্দ্বে বারবার দূরপাল্লার বাস চলাচল এভাবে বন্ধ হয়ে যাওয়ায় বলি হচ্ছিল সাধারণ যাত্রীরা, পোহাতে হয়েছিল চরম ভোগান্তি।
অবশেষে গতকাল মঙ্গলবার শ্রমিকদের কয়েকটি সংগঠনের সাথে বাস মালিকদের আলোচনার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাসমালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। তিনি বলেন, ‘কয়েকটি শ্রমিক সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে বিকেল ৫ টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আশা করছি যাত্রীরা এখন থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে।’
পাঁচদিন পর বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের। মাসুদ আলী নামের ঢাকাগামী এক যাত্রীর সাথে কথা বললে তিনি বলেন, ‘জরুরী কাজে ঢাকা যাওয়ার কথা ছিল গত পরশুদিন। বাস চলাচল বন্ধ এবং ট্রেনের টিকেট না থাকায় যেতে পারিনি। অবশেষে আজকে বিকেল ৫ টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। আমরা অবশেষে গন্তব্যে যেতে পারছি।’
শফিকুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘বাস চলাচলের সিদ্ধান্ত নিতে এতো দেরী হলো কেন? আমাদের যে এই কয়েকদিন ভোগান্তি হলো তার দায় কে নিবে। যে কোন সমস্য হলেই বাস চলাচল বন্ধ। আমাদের জরুরী কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, বাস বন্ধ থাকলে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। তাই ভবিষ্যতে যাতে আর বাস বন্ধ না হয় সেই দিকে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।’
জাহানারা পারভীন নামের সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রী বলেন, ‘পাঁচদিন পরে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় একটু হলেও আনন্দ লাগছে। এই কয়েকদিন যে পরিমাণ ভোগান্তি হয়েছে তা বলার মত না। কোন নোটিশ না দিয়ে হঠাৎ করে যাতে আর বাস বন্ধ না হয়।’