সর্বশেষ সংবাদ :

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি : জামায়াতের পাঁচদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে রাজশাহী ও তার আশেপাশের উপজেলা ও জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নওহাটা কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে দুপুর থেকেই কলেজ মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশে গণমানুষের ঢল নামে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো নেতাকর্মীর ভিড়ে কলেজ মোড় জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী নির্বাচনের প্রস্তুতি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বৈরাচারী জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
পবা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর মেনে নেবে না।’
তিনি আরও বলেন,“বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র ও ন্যায়বিচার ধ্বংস করা হয়েছে। জনগণের শক্তির কাছে অতীতে সব স্বৈরাচার পরাজিত হয়েছে, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।”
অধ্যাপক আজাদ অভিযোগ করে বলেন, দেশে দুর্নীতি, দমন-পীড়ন ও অন্যায়ের শাসন চলছে। ভিন্নমতের রাজনৈতিক কর্মীরা গুম, খুন, মিথ্যা মামলা ও কারাভোগের শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি তোলে ধরে। দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার, এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
নওহাটা পৌরসভার আমির মাওলানা সুজাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। সমাবেশে আরো বক্তব্য দেন, মহানগরের নায়েবে আমির আবু মো. সেলিম, পবা থানার আমীর মো. আজম আলী, কাটাখালী থানার ভারপ্রাপ্ত আমীর মকবুল হোসেন, কর্ণহার থানার আমির অধ্যাপক আবুল হোসেন, মহানগরের যুব বিভাগের সভাপতি মো. সালাউদ্দিন, নওহাটা পৌরসভার সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান, হুজুরিপাড়া ইউনিয়নের আমীন মো. রাশেল রহমান লিটন, দর্শনপাড়া ইউনিয়ন জামায়াতের নেতা হাফেজ মামুন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম, পবা থানার শিবির সভাপতি সাদিকুল ইসলাম।
এসময় জামায়াতের নেতারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে কোন সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। তারা দাবি করেন, স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে।
সমাবেশে উপস্থিত বক্তারা আরও বলেন, ‘দেশে আজ এক ভয়াবহ রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস করছে। কর্মসংস্থানের সংকট ও আইনশৃঙ্খলার অবনতিতে মানুষ হতাশ হয়ে পড়েছে। এই অচলাবস্থা কাটাতে হলে অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’
রাজশাহীসহ বিভিন্ন স্থানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা। সানশাইন পত্রিকার নিজস্ব সাংবাদিকদের পাঠানো সংবাদ তুলে ধরা হলো-
নওগাঁ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তাজের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা সেক্রটারি এ্যাডভোকেট আব্দুর রহিম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আক্কেলপুর: শুক্রবার আক্কেলপুর উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মামুনুর রশিদ মামুন, জয়পুরহাট-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এস, এম রাশেদুল আলম সবুজ, পৌর জামায়াতের আমীর জাকারিয়া হোসেন প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর সেক্রেটারি রিপন হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জামায়াতের পাঁচ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আত্রাই: শুক্রবার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের মাঠ থেকে মিছিলটি বের হয়ে আত্রাই ব্রিজ, সিএনজি স্টেশন ও রেলগেট অতিক্রম করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাহেবগঞ্জ উপজেলা মেইন গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খবিরুল ইসলাম।
নিয়ামতপুর: শুক্রবার উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উত্তর বাজার তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নওগাঁ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মিনহাজ ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত গোদাগাড়ী: স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধের লক্ষ্যে এবং জাতীয় সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। জুলাই জাতীয় সনদে উল্লেখিত রূপরেখার ভিত্তিতেই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর নুমায়ন আলী মাস্টার, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লহ, ও রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি রিদুয়ান আহমেদ প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সরকারের কাছে জোর দাবি জানান এবং দাবি পূরণের এ আন্দোলনকে আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রকাশিত: September 27, 2025 | সময়: 1:09 am | সুমন শেখ