সর্বশেষ সংবাদ :

জেএফএ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস রিপোর্টার: জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা বালিকা ফুটবল দল। রানারআপ হয়েছে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রংপুর জেলা বালিকা ফুটবল দল টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ফাইনাল ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। ম্যাচের ২৯ মিনিট পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় গোলশূন্য অবস্থায় খেলা চলতে থাকে। ৩০তম মিনিটে ঠাকুরগাঁওয়ের রুনা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। সেই সঙ্গে নিজের ১৫ তম গোলের স্বাদ গ্রহণ করে। এ অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্দের শুরু থেকেই রংপুর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। তারই ফলশ্রুতিতে ৪১তম মিনিটের মাথায় রংপুরের অনন্যা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। সেই সঙ্গে নিজের ১২ তম গোলের দেখা পায়। বাকী সময়ে কোন দলই গোল করতে না পারায় নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলো অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রংপুর ৩-২ গোলে ঠাকুরগাঁওকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়নশীপে ১৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয় ঠাকুরগাঁওয়ের রুনা। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় রংপুরের অনন্যা। ফাইনাল শেষে রংপুর জেলা বালিকা ফুটবল দলের অধিনায়ক নীলা জানায়, চ্যাম্পিয়ন হতে পেরে সে এবং তার দলের সকল সদস্য অত্যন্ত খুশী। প্রথমে পিছিয়ে পড়েও তার দলের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নিয়েছে।
ম্যাচ শেষে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দেেলর হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাঃ যোবায়ের হোসেন।


প্রকাশিত: September 26, 2025 | সময়: 12:57 am | সুমন শেখ