সর্বশেষ সংবাদ :

চূড়ান্ত তালিকা প্রকাশ : রাকসু নির্বাচনে প্রার্থী ৩০৬ জন, ব্যালট নম্বর ঘোষণা

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবনে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর ঘোষণা করেন রাকসু কোষাধ্যক্ষ সেতাউর রহমান। প্রকাশিত তালিকা অনুযায়ী: সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ১৩ জন, সদস্য পদে মোট ৩০৬ জন।
ছাত্রদল মনোনীত প্রার্থীদের মধ্যে: ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর (ব্যালট নং ০৫), জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন (ব্যালট নং ০৭), এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা (ব্যালট নং ০৫)। অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা হলেন: ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ব্যালট নং ০৪), জিএস প্রার্থী ফাহিম রেজা (ব্যালট নং ১০), এজিএস প্রার্থী এস.এম সালমান সাব্বির (ব্যালট নং ১৫)।
নির্বাচন কমিশনের তথ্যানুসারে, শুরুতে মোট ৩২২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে ব্যাংক রশিদ না থাকা, ছবি-সাক্ষর ত্রুটি, ডোপ টেস্ট রিপোর্ট না থাকা প্রভৃতি কারণে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীতে আরও কয়েকজন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জনে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “প্রার্থীদের সব যোগ্যতা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ পদের বিপরীতে ১১ জন প্রার্থিতা তুলে নিয়েছেন। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচ পদের বিপরীতে তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা চৌধুরী শারমিন আক্তার বিষয়টি জানিয়েছেন। কেন্দ্রীয় সংসদে প্রত্যাহারকারীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান মিঠু মনোনয়ন প্রত্যাহার করেছেন। ভিপি পদে প্রত্যাহারকারী অন্যজন হলেন আবুল হায়াত। তিনিও স্বতন্ত্র ভিপি প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহার করা অন্যদের মধ্যে রয়েছেন- সাধারণ সম্পাদক (জিএস) পদে সমসের আলী, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক পদে সাইফুল ইসলাম ও লুবনা শারমিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া মুসতারিন মুন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে রমজানুল মোবারক, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহকারী সম্পাদক পদে দিদারুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা এবং কার্যনির্বাহী পদে সিফাত সরকার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মুজাহিদুল ইসলাম, মাহমুদুল মিঠু ও সাফিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে হল সংসদে কতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সে তথ্য এখনও জানা যায়নি। বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে ‘দলীয় সিদ্ধান্তের’ কথা বলে ভিপি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে শনিবার। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: September 15, 2025 | সময়: 4:27 am | সুমন শেখ