সর্বশেষ সংবাদ :

নুরের ওপর হামলায় রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হওয়া শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের শাস্তি এবং সাবেক বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা ‘চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই’, ‘জুলাই যুদ্ধ আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, ভিপি নুরের ওপর হামলা মানে বৈষম্যবিরোধী সব শিক্ষার্থীর ওপর হামলা। হামলার সঙ্গে জড়িত জাতীয় পার্টি, ছাত্রলীগসহ আইনশৃঙ্খলাবাহিনী সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, যে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে, তাদের সময়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা হচ্ছে। হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনা উচিত।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করেন। এ সময় নুরুল হক নুর গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।


প্রকাশিত: August 31, 2025 | সময়: 4:09 am | সুমন শেখ