, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে কেমিক্যাল মিশ্রিত সয়াবিন তেল জেলি এবং ডিটারজেন্ট দিয়ে ভেজাল দুধ বানানো কৃষক দল নেতা মমিন হোসেনকে দল থেকে সমায়িক বহিষ্কার করা হয়েছে। চাটমোহর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস এবং সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মমিন হোসেনকে সাময়িক বহিস্কার করা হলো।
প্রসঙ্গত, উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়ীয়ায় ওই গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে এবং বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মমিন হোসেনের দুধের মিলে ১৮ আগস্ট চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী অভিযান পরিচালনা করে ৭’শ লিটার ভেজাল দুধ জব্দ করে। সেসময় মিলের মালিক মমিন হোসেন পালিয়ে যায়।
অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট গুড়া, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা উদ্ধার করা হয়।
২০ আগস্ট সকালে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে ইউএনও মুসা নাসের চৌধুরী ভোক্তা সংরক্ষণ আইনে অভিযুক্ত কৃষক দল নেতা মমিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এদিকে এলাকাবাসী ভেজাল দুধ তৈরীর মূলহোতা মমিন হোসেনকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেছেন।