, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভা এলাকার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ঘটনাস্থলে গিয়ে ২৭০টি রিং জাল জব্দ করেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পরে এগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা জানান, কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০টি রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা দরকার।