সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ার প্রত্যয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার: নদীমাতৃক বাংলাদেশে দেশীয় প্রজাতির মাছের জীববৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। নদী-নালা, খাল-বিল আর হাওর-বাওড়ের দেশ বাংলাদেশ। একসময় এই উর্বর জলাভূমিগুলো ছিল দেশি প্রজাতির মাছে পরিপূর্ণ। কিন্তু কালের বিবর্তনে, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানা কারণে সেই চেনা রূপ আজ অনেকটাই ম্লান। পুঁটি, টেংরা, খলসে, মলা, বাতাসিসহ বহু প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। এই সংকটময় পরিস্থিতিতে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
সেই লক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হয়। পরে পিটিআই মিলনায়তনে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য জেলার সেরা ৪ জন ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া এবং মৎস্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. আব্দুল ওহায়েদ মন্ডল ও মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল, কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে, যা আমাদের খাদ্য শৃঙ্খল ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত।” তিনি বিলুপ্তপ্রায় দেশি মাছের প্রজাতি রক্ষায় সরকারের অভয়াশ্রম তৈরির নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন এবং এই উদ্যোগ সফল করতে সরকারি দপ্তরের পাশাপাশি মৎস্যজীবী ও সাধারণ মানুষকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান।
জেলা প্রশাসক আফিয়া আকতার তার বক্তব্যে বলেন, “রাজশাহী জেলা মৎস্য সম্পদে অত্যন্ত সম্ভাবনাময়। আমরা জেলার প্রতিটি উপজেলায় উপযুক্ত প্রাকৃতিক জলাশয় চিহ্নিত করে অভয়াশ্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব।” তিনি মৎস্যজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অভয়াশ্রম রক্ষায় একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধে তিনি প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানা কারণে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়া এবং জলজ জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি অপরিকল্পিত বাঁধ নির্মাণ, দূষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহারকে মৎস্য সম্পদ ধ্বংসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। সংকট উত্তরণে প্রতিটি প্রাকৃতিক জলাশয়ের নির্দিষ্ট অংশকে অভয়াশ্রম হিসেবে ঘোষণার মাধ্যমে দেশীয় মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা এবং স্কুল-কলেজে সচেতনতামূলক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজশাহীসহ বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যেছিল র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক সানশাইন পত্রিকার সাংবাদিকদের পাঠানো খবর তুলে ধরা হলো-
নওগাঁ: জেলা মৎস্য অফিস থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে পুকুরে মৎস্য অবমুক্তের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রসাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলমসহ নওগাঁ জেলার বিভিন্ন মৎস্য চাষী। আলোচনা সভা শেষে জেলার সেরা মৎস্য চাষিদের মাঝে সন্মাননা পুরুষ্কার তুলে দেওয়া হয়।
বাগাতিপাড়া: এদিন উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহামুদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, দাবি কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপির কমান্ডার রুহুল আমিন এবং দৈনিক এই নাটোর পত্রিকার সম্পাদক আরিফুল ইসলাম তপুসহ মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামের সফল মৎস্যচাষি শহিদুল ইসলাম ইমনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
লালপুর: উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, একাডেমিক সুপার ভাইজার সাদ আহাম্মেদ শিবলী প্রমুখ। অনুষ্ঠানে সফল মাছ চাষী হিসেবে কেশবপুর গ্রামের মুশফিকুল ইসলাম রামিওকে ক্রেষ্ট প্রদান করা হয়।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ।
পরে উপজেলা পরিষদের হলরুমে সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
গোমস্তাপুর: বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। আলোচনা শেষে সফল তিন মাছ চাষিকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মহাদেবপুর: এদিন র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায় এর সভাপতিত্বে এবং উপজেলা আনসার অফিসার ইব্রাহিম খাঁন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খুরশিদুল ইসলাম, ইসলামী আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মা আরেফুল, এন সি পি প্রতিনিধি আমিনুল হক, মৎস্য চাষি সুরজ আলম প্রমূখ। এসময় ময়েজ উদ্দিন মন্ডল, আলমগীর হোসেন এবং সুরুজ আলমকে সফল মৎস্য চাষী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
সাপাহার: সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদএর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় মৎস্য সপ্তাহের উপর গুরুত্ব রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামিম রেজা সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিতি হিসেবে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন,প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার জবই বিল মৎস্য প্রকল্প সহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মৎস্য জীবী, মৎস্য চাষী সেখানে উপস্থিত ছিলেন।
ভোলাহাট: উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) ঞ্জয় কুমার সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী,এস আই আব্দুল বারী , সাংবাদিক মোঃ গোলাম কবির,সফল মৎস্য চাষি আমানুল্লাহসহ অন্যরা। জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ থেকে ২৪ আগষ্ট পর্যন্ত চলবে। আলোচনা সভার শেষ অংশে তিন জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জয়পুরহাট: সোমবার সকালে জেলা প্রশাসকের বাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সেখান থেকে একটি র‌্যালী শুরু হয়ে সার্কিট হাউস চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, মৎস্যচাষী আনোয়ার হোসেন প্রমুখ। মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য জাকস ফাউন্ডেশনকে এবং ৫ জন মৎস্যচাষীকে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
পাঁচবিবি: সারাদেশের ন্যায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, র‌্যালী ও পোনা মাছ অবমুক্ত করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল, উপজেলা মৎস খামার ব্যবস্হাপক প্রফুল্ল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপি সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, মৎসচাষী মোঃ শরিফুল ইসলাম জুয়েল, মোজাহার আলী, জেআরডিএম এনজিওর প্রতিনিধি মোঃ বায়োজিদ হোসেন। ভালো কাজের জন্য উপজেলার ৬’জন শ্রেষ্ঠ মৎস চাষীকে সম্মামনা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
গোদাগাড়ী: উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে অতিথিরা পোনা মাছ অবমুক্ত করেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামানের সভাপতিত্বে পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে মৎস্য চাষের গুরুত্ব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সফল তিনজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিতা পারভিন প্রমুখ।
নিয়ামতপুর: উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। আলোচনা শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা সহ সফল উদ্যোক্তা ও মাছ চাষীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোহনপুর: র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করা শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা বেনজীর আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কর্মকর্তা সৈয়দ আলী রেজা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মসিউর রহমান সহ মৎস্য চাষি বৃন্দ। আলোচনা শেষে মৎস্য অধিদপ্তর তিনজন মৎস্যজীবী কে ক্রেস্ট উপহার দেন।
আত্রাই: উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। বক্তব্য রাখেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, পিআইও মো. আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, এসআই ওয়াবায়দুল, মৎস্যজীবী সুকচাঁদ ও সফল মৎস্যচাষি জলিল মণ্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি মালা বকস্ মন্ডল, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল মন্ডলকে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।


প্রকাশিত: August 19, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ