সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ‘গেটকা’ প্রকল্পের পরিচিত সভা জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের ৮০ শতাংশই নারী

স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় লিঙ্গীয় সমতাকে কেন্দ্র করে রাজশাহীতে এক নতুন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেন্ট অ্যাকশন (গেটকা)” শীর্ষক প্রকল্পের জেলা পর্যায়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলার কার্যক্রমে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি টেকসই ও সমতাপূর্ণ সমাজ বিনির্মাণ করা।
ডাসকো ফাউন্ডেশন এবং ওয়েভ ফাউন্ডেশনের যৌথভাবে আয়োজিত এ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিসার আখতার। তিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকট মোকাবেলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমি অত্যন্তু আনন্দিত যে, ডাসকো ও ওয়েভ ফাউন্ডেশন সুইজারল্যান্ড এবং কানাডা সরকারের সহযোগিতায় এমন একটি সময়োপযোগী প্রকল্প গ্রহণ করেছে।”
জলবায়ু পরিবর্তনের কারণে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন উল্লেখ করে তিনি আরও বলেন, “নারীদের বাদ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে নারীদের জলবায়ু সহনশীল কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে তা ইতিবাচক ফল বয়ে আনবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখন আমাদের অঞ্চলের জন্য একটি কঠিন বাস্তবতা। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের মতো খরাপ্রবণ এলাকায় এর প্রভাব আরও তীব্র। ‘গেটকা’ প্রকল্পের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য স্থানীয় জ্ঞান ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে চাই এবং এই প্রক্রিয়ার প্রতিটি স্তরে নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।”
সভায় জানানো হয়, জাতিসংঘের গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের ৮০ শতাংশই নারী। খরা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে নারীরাই খাদ্য, পানি ও জ্বালানি সংগ্রহের মতো দায়িত্বে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। ‘গেটকা’ প্রকল্পের আওতায় রাজশাহীর বিভিন্ন উপজেলায় জলবায়ু সহনশীল কৃষি, বিকল্প জীবিকায়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং দুর্যোগ ঝুঁকি কমাতে নারীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। এছাড়া, জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতি নির্ধারণী পর্যায়ে যেন নারীদের কণ্ঠস্বর পৌঁছায়, সেজন্য বিভিন্ন অ্যাডভোকেসি কার্যক্রমও পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম ডাইরেক্টর জাহাঙ্গীর আলম খান এবং গেটকা প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডাসকো ফাউন্ডেশনের গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাস। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক এবং প্রকল্পের অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ডাসকো ফাউন্ডেশন রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন’’ প্রকল্প বাস্তবায়ন করছে যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরি সহাযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের জলবায়ূ ঝূঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ-জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরী ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পে অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে।


প্রকাশিত: August 19, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ