সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে

স্টাফ রিপোর্টার: “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিভিন্ন সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে শনিবার বেলা১১ টায় এই আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি,সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামাল কাদেরী, মুক্তিযোদ্ধা তথ্য সংগ্রাহক ও সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবু, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, জ্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী সভাপতি রবিন্দ্রনাথ হেম্ব্রম প্রমুখ।উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় গণকপাড়ায় এসে শেষ হয়। দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক আদিবাসী দিবসের তাৎপর্য ও জাতীয় আদিবাসী পরিষদের নয় দফা দাবির ভিত্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে আর্ন্তজাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়। ১৯৯২ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাদের প্রথম সভায় ‘বিশ্ব আদিবাসী দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯৩ সালকে জাতিসংঘ প্রথমবার বিশ্বে আদিবাসী বর্ষ ঘোষণা করে। পরের বছর ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতি বছর ৯ আগষ্টকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া জাতিসংঘ ১৯৯৫-২০০৪ এবং ২০০৫-২০১৪ সালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আদিবাসী দশক ঘোষণা করে; যা সারা বিশ্বে পালিত হয়। ১৯৯৪ সালে বিশ্বে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। ওই বছর থেকেই আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে আসছে বিশ্বের কমপক্ষে ৩০ কোটি আদিবাসী।
আদিবাসী সামাজিক নেতৃবৃন্দসহ রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে দিবস উদযাপনের কর্মসূচি আরম্ভ হয়। ঐতিহ্যবাহী সাজসজ্জা ও বাদ্যযন্ত্রসহ জাকজমকপূর্ণ শোভাযাত্রাটি কাকনহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা।
পথসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী, পশ্চিম কাদমা ফুলবাড়ি রক্ষাগোলা সংগঠনের মোড়ল লুইস কিস্কু, রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি সরল এক্কা, শিক্ষানবীশ আইনজীবি ইসমাইল হোসেন বিপ্লব, আইনজীবি মাসুদ রানা, মাহালী দিঘরী বাইসির সভাপতি ও জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সিষ্টি বারে; বক্তব্য শেষে কবিতা পাঠ করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক রুমিলা হেম্ব্রম। এছাড়াও উপ¯ি’ত ছিলেন জয়কৃষ্ণপুর রক্ষাগোলা সংগঠনের মোড়ল ধনাই সরেন, গড়াইত জনজাতির নেতা রংগুল সরদার ও রাই জনজাতির নেতা রঞ্জিত রায়। আলোচনায় বক্তারা বলেন, আদিবাসীদের কাছ থেকে মতামত গ্রহণ ব্যতীত তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরণ নিন্দনীয় এবং আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আলোচনা শেষে সভার সভাপতি আদিবাসী দিবসের অঙ্গীকার হৃদয়ে ধারণ করবার আহ্বান জানিয়ে দিবস উদযাপনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
দিবস উদযাপনের কার্যক্রমে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প সমন্বয়কারী শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা রতনা মুর্মু, পৌল টুডু ও সমাজ সংগঠকবৃন্দ।


প্রকাশিত: August 10, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ