সর্বশেষ সংবাদ :

নিষিদ্ধ চায়না দুয়ারি জালে পোনা ও মা মাছ নিধন

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: বাগমারা ও আশেপাশের এলাকায় নিষিদ্ধ চাইনা দুয়ারি জাল দিয়ে নদ নদী খালে বিলে মা মাছ ও পোনা নিধনে মেতে ওঠেছে অসাধু মৎস শিকারিরা। তারা বর্ষা মৌসুমে মাছের প্রজননের সময় অবাধে মা মাছ শিকার করছে। অসাধু জেলেরা অধিক মুনাফার লোভে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ও বিভিন্ন জলজ প্রাণী কাঁকড়া, শামুখ, কুচিয়া সহ বিভিন্ন জলজ প্রাণী নিধন করছে। এতে করে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে।
এ দিকে মা মাছ ও পোনা মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও তা পর্যাপ্ত নয় এবং অভিযানগুলো দায়সারা ও লোকদেখানে বলে দাবী করেছেন এলাকার সচেতন মহল।
তাদের মতে, বর্ষা শুরু হওয়ার পর থেকে ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার আশেপাশে ও সোনাবিলা, নাককাটি বিল, কাদার বিল, বিল শনি, বিল মাললি, বিলসৌতি সহ উপজেলার প্রায় প্রতিটি বিলে ও উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ফকিরানী ও বারনই নদী সহ বিভিন্ন খালে বিলে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল ও বাঁশের চাঁই দিয়ে মা মাছ ও মাছের পোনা শিকার করে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করছে। ফলে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে।
উপজেলা মৎস কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, মা মাছ ও পোনা মাছ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, নদী খাল বিল সহ বিভিন্ন জলাসয়ে মা মাছ ও পোনা মাছ রক্ষা সহ মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।


প্রকাশিত: August 7, 2025 | সময়: 5:00 am | সুমন শেখ