, , ।
ওমর ফারুক, আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ ফুটবল মাঠ প্রায় তিন মাস ধরে জলাবদ্ধতায় ভুগছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠটি পানিতে তলিয়ে যায়, ফলে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সব ধরনের খেলাধুলা ও অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রশাসনের নাকের ডগায় এমন সমস্যা থাকলেও এখনও কোনো সমাধান হয়নি।
আত্রাই উপজেলা পরিষদের মাঠটি চারদিকে বিভিন্ন সরকারি ভবন দ্বারা বেষ্টিত। মাঠের পশ্চিম পার্শে রয়েছে উপজেলা পরিষদের বহুতল ভবন, উত্তরে পল্লী উন্নয়ন অফিসের ভবন, পুর্বে উপজেলা প্রাণিসম্পদ ভবন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও পুরাতন কোর্ট ভবন এবং দক্ষিণে রয়েছে উপজেলা পরিষদ ক্যম্পাস জামে মসজিদ, উপজেলা পরিষদ ডাক বাংলো ও উপজেলা ডরমেটরী।
এক সময়ে এ মাঠে উপজেলা পর্যায়ের ফুটবল, ক্রিকেট, জাতীয় দিবসের অনুষ্ঠান, স্কাউট ক্যাম্প ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন হতো। কিন্তু এখন মাঠে পানির কারণে মানুষ নয়, হাঁসের আনাগোনা বেশি। স্থানীয়রা জানান, মাঠের চারপাশে অপরিকল্পিত রাস্তা নির্মাণের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট হয়েছে।
দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফুটবলার আকতার রানা বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে আমরা নিয়মিত খেলতে পারছি না, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আমাদের অংশগ্রহণ কমে যাবে।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, ইউএনও স্যারের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা করছি।
দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সমন্বয়ে তিন সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
তারা সমস্যার উদ্ভবের কারণ বিশ্লেষণ করে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রাক্কলন প্রস্তুত করে দাখিল করবেন। সেমতে সমস্যার সমাধান করা হবে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত এ সমস্যার সমাধান হলে আবারও মাঠটি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।