, , ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যূত্থান স্মরণে এক শহীদ, এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে শহীদ রাসেল রানার গ্রামে কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি জারুল গাছের চারা রোপণ করা হয়।
শহীদ রাসেল রানার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গাছের চারাটি রোপণ করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সার্থী। উপজেলা প্রশাসন ও সোস্যাল ফরেস্ট্রি প্ল্যানটেশন সেন্টার (এসএফপিসি) রাজশাহী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ ও নজরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিষ দে, কশব ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল আরেফিন, কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিদা খাতুন, উপপ্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামীমা ইসলাম সাথী ও ওয়াসিম রাজু, শহীদ রাসেল রানার বাবা পিন্টু রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, জুলাই গণঅভ্যূত্থান স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ কর্মসূচির আওতায় শহীদ রাসেল রানা স্মরণে একটি জারুল গাছের চারা রোপণ সহ প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য শহীদ রাসেল রানা (২০) কশব ভোলাগাড়ী গ্রামের পিন্টু রহমানের ছেলে। তিনি নারায়নগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই নারায়নগঞ্জ শহরে পুলিশের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২২ জুলাই মারা যান। তার শহীদ গেজেট নম্বর ২৭২।