সর্বশেষ সংবাদ :

৫০ বিঘার ড্রাগন বাগানে দুই ভাইয়ের দিন বদল

মতলুব হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতাড়ার চ¤পাতলী ব্রীজের পশ্চিম পার্শ্বে ছোট যমুনা নদীর পরিত্যক্ত প্রায় ৫০ বিঘা বালুর চড়ে গ্যালাক্সি ড্রাগন বাগান করেন শিপলু ও তুষার ২ ভাই। নদী পার হয়ে বাগানে যেতে কাঠ বাঁশ দিয়ে সুন্দর একটি ব্রীজও তৈরি করেছেন তারা। বাগানটি দেখতে সকাল থেকে সন্ধ্যা অব্দি বিভিন্ন এলাকার লোকজন ভিড় করেন বলে জানান বাগান মালিক শিপলু।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিশাল আকারের ড্রাগন বাগানটির চারধার রোড সিমেন্টের পিলার ও জিআই তার দিয়ে মজবুত করে বেড়া দেয়া হয়েছে। আর বাগানের গাছগুলো ড্রাগনের ফুল ফলে ভর্তি। নদীর পাড়ের এমন সুন্দর দৃশ্য দেখে সবাই আকৃষ্ট হবে।
শিপলু বলেন, অনেক টাকা ব্যয় করি বাগানটি এক বছর আগে করেছি। প্রথমে অল্প ড্রাগন গাছে ধরলেও এখন বাগান ভর্তি ফুল ফল। দেশের বিভিন্ন জেলায় পাইকারদের নিকট কুরিয়ার করে ফল পাঠানোর পাশাপাশি রাস্তার পাশে দোকান দিয়েছি। বাগানের টাটকা ফল পেয়ে বেশ বিক্রয় হচ্ছে।
তিনি আরো বলেন, স্থানীয় কৃষি অফিস সার্বিক সহযোগিতা করলেও সরকারি ভাবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকলে বাগানটি আরো বড় করতে পারতাম। এতে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হতো।
জয়পুরহাট-হিলি স্থলবন্দর যাতায়াতে পাঁচবিবির কোকতাড়ায় পাকা রাস্তার পাশে বাগানের টাটকা স্বতেজ ড্রাগন বিক্রয় করা হচ্ছে। দোকানের ড্রাগনগুলো টাটকা সতেজ দেখে রাস্তায় চলাচল বিভিন্ন যানবাহনের চালক যাত্রীরা দাঁড়িয়ে কিনছেন। বাজারের তুলনায় দাম কম হওয়ায় অনেকেই পরিবারের সদস্যদের জন্য বেশি পরিমাণেও কিনছেন।
শিহাব নামের বগুড়া শেরপুরের ঠিকাদার বলেন, দিনাজপুরের বিরামপুরে আমার কনস্ট্রাকশনের কাজ চলছে। বিরামপুর যাওয়ার সময় রাস্তার পাশে ড্রাগনের দোকান দেখতে পাই এখন বাড়ি ফেরার পথে পরিবারের জন্য ড্রাগন কিনলাম।
তিনি বলেন, বাজারের দোকানে সাধারণত দেখা যায় ফলগুলো রোদে কিছুটা শুকিয়ে যায়। কিন্তু এ দোকানের ড্রাগনগুলোর বোটা থেকে এখনো রস ঝরছে। বাগজানা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মমিনকেও ড্রাগন ফল কিনতে দেখা যায়।
তিনি বলেন, সপ্তাহে পাঁচ দিন এ পথে যাতায়াত করি। প্রায় প্রত্যেক দিনই কমবেশি বাসার জন্য ফল নেই। তিনিও বলেন, বাজারের তুলনায় টাটকা ও সতেজ ড্রাগন এখানে পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, ড্রাগন ফলে প্রচুর ভিটামিন আছে এটি একটি পুষ্টিকর ফল। এই ফল অতিরিক্ত খেলে শরীরে এলার্জি ও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে।
তবে অপকারিতার চেয়ে উপকারিই বেশি বলেও জানান তিনি। যেমন মানব দেহে রক্ত তৈরি করে, কোলেস্ট্রোরেল কমায়, হৃদযন্ত্র ভালো রাখে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, ডায়াবেটিস প্রতিরোধ করে, হজমে সহায়ক, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রক্ত চলাচল, চুলপড়া প্রতিরোধ ও কোলেস্ট্রোরেল নিয়ন্ত্রণে রাখে নিয়মিত ড্রাগন ফল খেলে।


প্রকাশিত: July 19, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ