, , ।
স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটকে ‘কিনা’ হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি করায় প্রতিবাদে সোমবার (৭ জুলাই) বিকেলে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি পৌর পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো। সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, এ মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত খুনিকে আড়াল করে দলের জনপ্রিয় নেতা রাইটকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। তিনি বলেন, তারা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও বিএনপির নাম ব্যবহার করে পাঁচবিবিকে অশান্ত করে তুলেছে। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে তারা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। রাইটকে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, রাইট ষড়যন্ত্রের শিকার। তাকে টার্গেট করেই পুরো পাঁচবিবি বিএনপিকে দুর্বল করার চক্রান্ত চলছে। এ ষড়যন্ত্র আমরা রাস্তায় থেকেই রুখে দেব। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, রাইটের সঙ্গে নিহত কিনার কোনো রাজনৈতিক, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধ ছিল না। শুধুমাত্র তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই ষড়যন্ত্রকারীরা মিথ্যা মামলায় তাকে জড়িয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল বলেন, আমরা বারবার বলে এসেছি দলের মধ্যে বহিষ্কৃত চক্র নানা ধরনের অপরাধমূলক কাজ করছে। তারা বিএনপির নাম ব্যবহার করে এখন নিজেরাই দলের শত্রু হয়ে উঠেছে। তাদের শাস্তি হওয়া উচিত।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহুরুল আলম তরফদার রুকু বলেন, রাইট একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাধিক বহিষ্কৃত দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এই মামলায় তাকে ফাঁসিয়েছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে রাজপথে থাকবো।
জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক বলেন, এই মামলার নেপথ্যে একটি বিশেষ চক্র রয়েছে, যারা পাঁচবিবিতে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চায়। আমরা তা হতে দেব না। সময়মতো জনতার আদালতে তাদের বিচার হবে।
জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ বলেন, রাইট একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে এভাবে মিথ্যা মামলায় জড়ানো শুধু তার জন্যই নয়, পুরো দলের জন্য অপমানজনক। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। সমাবেশে বিএনপি নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে “রাইট ভাই নির্দোষ”, “মিথ্যা মামলা প্রত্যাহার করো”, “ষড়যন্ত্রকারীদের বিচার চাই” ইত্যাদি স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন।
এসময় জিয়াউল ফেরদৌস রাইটের কন্যা নাজিফা ফেরদৌস উদিতা বলেন, আমার বাবা রাজনৈতিকভাবে হয়রানির শিকার। এটা শুধু আমাদের পরিবারের ওপর নয়, পাঁচবিবির প্রতিটি সৎ রাজনীতিবিদের জন্য এক ধরনের হুমকি। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পাঁচবিবি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি নেতারা জানান, যতদিন না প্রকৃত অপরাধীর বিচার ও রাইটের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে, ততদিন তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।