সর্বশেষ সংবাদ :

বাঘার পদ্মায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে আতঙ্ক,স্পিডবোট ভাংচুর

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে বৈধ ইজারা নেওয়া বালুমহলের খেয়া ঘাটে চাঁদা দিতে না চাওয়ায় গভীর রাতে গুলি ছুঁড়ে দুইটি স্পিডবোট ভাংচুর ও একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনার সাথে জড়িতদের চিহৃত করতে পারেনি পুলিশ।

 

নৌ পুলিশের দাবি, বৈধ ইজারার মাধ্যমে বাঘার পদ্মায় বালু উত্তোলন করা হচ্ছে। তবে উত্তোলন করা বালু ঈশ্বরদীর দিকে নিয়ে বিক্রি হচ্ছে। মূলতঃ সেই বালু ঈশ্বরদী বিক্রি করতে দিবে না। এনিয়ে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার লোকজনের সঙ্গে দ্বন্দ্ব। হয়তো রাতের অন্ধকারে গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়িয়েছেন তারা।

স্থানীয়রা জানান, সম্প্রতি মাঝে মধ্যে গভীর রাতে নদীর পাঁড়ের খেয়াঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে । গত রোববার (০৬-জুলাই) গভীর রাতে একই ভাবে গুলির শব্দ শুনেছেন অনেকে। সোমবার সকালে তারা জানতে পান, দুইটা স্পিডবোট ভাংচুর ও একটি স্পিড বোর্ডের ইঞ্জিন খুলে নিয়ে গেছে দুস্কৃতিকারীরা ।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী জেলা প্রশাসনের আওতাধীন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর মৌজায় ২৪.০০ একর বালুমহালটি এবছর(বাংলা ১৪৩২ সন) মেসার্স সরকার ট্রেডার্সকে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদার এস.এম এখলাসের লোকজন এখানে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ক্রয়-বিক্রয় করেন।

সোমবার (৭ জুলাই’২৫) সরেজমিন কথা হলে ইজারাদারের কর্মরত ম্যানেজার বেলাল হোসেন জানান, এখানকার বালু নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় নিয়ে বিভিন্ন জেলাতে বিক্রি করা হয়। তবে এই বালু নিয়ে যেতে হলে বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয়। আর না দিলেই বিরোধিতা শুরু হয়। রোববার দিবাগত (৬ জুলাই) রাত সাড়ে ৩ টার দিকে আকষ্মিক গুলি ছোড়ার ঘটনাই ঘটেছে। নদী এলাকার জনৈক ওয়াজেদ সিকদার বলেন, ভোরে মাছ ধরার জন্য খেয়া ঘাটে এসে সবার মুখে গুলাগুলি, দুইটা স্পিচবোট ভাংচুর এবং একটি স্পিচবোটের ইঞ্জিন নিয়ে গেছে বলে শুনেছি।

স্পিডবোটের ড্রাইভার সালাম বিশ্বাস বলেন, সেই রাতে হঠাৎ করে ৩ টি নৌকায় প্রায় ৩৫-৪০ জন সন্ত্রাসী ঘাটে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় খেয়া ঘাটে থাকা দুইটা স্পিডবোট নদীর মাঝখানে নিয়ে গিয়ে ভাঙচুর করে এবং একটি স্পিড বোটের ইঞ্জিন খুলে নিয়ে যান তারা। এ সময় ড্রেজারের মধ্যে থাকা ড্রাইভাররা ভয়ে নদীর ঘাট থেকে উপরে উঠে নিজেদের রক্ষার জন্য আত্মগোপন করেন।

খেয়া ঘাটের পাড়ের একজন গ্রাম পুলিশের ভাষ্য, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে গুলির শব্দ পাই। এসময় ঘরের ফাঁক দিয়ে দেখেন তিনটা নৌকাতে প্রায় ৪০ জনের মতো লোক এদিক ওদিক ছোটা-ছুটি করে গুলি ছুড়ছেন। এসময় ড্রেজার মেশিনের কয়েকজন ড্রাইভার আমার বাড়িতে এসে আশ্রয় নেন।

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার বলেন,বৈধ ইজারা নিয়ে তারা বালু উত্তোলন করছেন। কিছু দিন আগে লালপুরের কাকন বাহিনীর লোক যৌথভাবে খাল এন্টারপ্রাইজ নামে স্লিপ দিয়ে খাজনা আদায় করে। যেটা বৈধ কিনা তার কোন প্রমাণ নেই। আমার এখানকার বালুবাহি ট্রলার বা ড্রেজার থেকে তারা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে রাজি হওয়াই তারা হয়তো এমন ঘটনা ঘটিয়েছে।

এদিকে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ পুলিশ ও থানা পুলিশ। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন রশীদ জানান, এপারে বৈধ ইজারা বালু উত্তোলন করছে। উত্তোলন করা বালু ঈশ্বরদীর দিকে নিয়ে বিক্রি করে। মূলতঃ সেই বালু ঈশ্বরদী বিক্রি করতে দিবে না। এনিয়ে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার লোকজনের সঙ্গে দ্বন্দ্ব। এনিয়ে হয়তো রাতের অন্ধকারে গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে মুঠোফোনে দৌলতপুর থেকে জানানো হয়েছে,তাদের এলাকাতে গিয়ে রাতের অন্ধকারে গুলি ছুড়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান জানান, এ বিষয়ে নৌ-পুলিশ সহ থানা পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
নুরুজ্জামান /শামি


প্রকাশিত: July 7, 2025 | সময়: 10:04 pm | Daily Sunshine