সর্বশেষ সংবাদ :

বৃষ্টিস্নাত বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ফিচার :

আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া অপরূপ সৌন্দর্য্যের নামই বৃষ্টি। হঠাৎ করেই আকাশে কালো মেঘের ঘনঘটা শীতল বাতাস, মুহূর্তেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে নেমে পড়ে বৃষ্টি। কখনো ঝুম কখনো বা ঝিরিঝিরি।

বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে।আর সেই বৃষ্টি যদি হয় ক্যাম্পাসে।ব্যস্ত ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টি এনে দেয় এক গম্ভীর নীরবতা, স্নিগ্ধ পরিবেশ। চারপাশ মুখরিত হয়ে ওঠে বৃষ্টির ঝম ঝম শব্দে। বৃষ্টির এমন হঠাৎ আগমনে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি রৌদ্র কবিতা-

 

ঝুঁটি – বাঁধা ডাকাত সেজে
দল বেঁধে মেঘ চলেছে যে

আজকে সারাবেলা।

কালো ঝাঁপির মধ্যে ভরে
সূর্যিকে নেয় চুরি করে,

ভয়- দেখাবার খেলা।

– (বৃষ্টি রৌদ্র, রবীন্দ্রনাথ ঠাকুর)

 

ববির ৫৩ একর ক্যাম্পাসে রয়েছে অসংখ্য গাছ -পালা,ফল -ফুল গাছ। বর্ষার ফুল বেলি, দোলনচাঁপা, মালতি কামিনী, গন্ধরাজ, জুঁই আরো নাম না জানা অসংখ্য ফুল যা বৃষ্টির মৌসুমে ক্যাম্পাসের শোভাবর্ধক করে।এসবের মধ্যে বছরে তিন বার কদম ফুল ফোটে আর সবচে সুন্দর কদম ফুল ফোটে বর্ষা কালে।এজন্য বর্ষার চিয়ারি বলা হয় কদম ফুল কে।
কদম ফুল আর বৃষ্টির ছোঁয়ায় সতেজ হয়ে ওঠে সবুজ চত্বর। বৃষ্টির রিমঝিম শব্দ আর কাদা-মাটির গন্ধ যেন তারুণ্যের মনে দোলা দেয়। বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে ক্যাম্পাসের ইট-পাথর, গাছপালা সব যেন নতুন রূপে সেজে ওঠে। এই সময়ে বন্ধুদের সাথে আড্ডা, ক্যান্টিনে গরম কফির কাপে চুমুক, কিংবা বৃষ্টিতে ভিজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা- সব মিলিয়ে বৃষ্টির দিনগুলো ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ।

ববির সয়েল এন্ড ইনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ বলেন,বৃষ্টি আর ববির ক্যাম্পাস দুটোর মধ্যে একটা সুন্দর মিল আছে যেমন – দুটোরই প্রথম অক্ষর ‘ব’ দিয়ে শুরু। বৃষ্টিতে পুরো ক্যাম্পাসটা যেন নতুন রঙে ভিজে যায়। গাছপালা, পুকুর, রাস্তা সবই আরও সুন্দর লাগে। বৃষ্টি পড়ার শব্দে আমার ছোট্ট মনটা বজ্রপাতের মতো ঝলক দিয়ে আনন্দিত হয়ে উঠে।

সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিয়াঙ্কা বিশ্বাস প্রেমা বলেন, বৃষ্টিতে ভেজা ক্যাম্পাস যেন হৃদয়ের এক নরম কোণ,
যেখানে প্রতিটা ফোঁটা জাগিয়ে তোলে হারিয়ে যাওয়া স্মৃতির দিন।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃষ্টি আমার মনকে শান্তিতে ভরিয়ে তোলে। বৃষ্টির রিমঝিম শব্দ আর সবুজ প্রকৃতির সতেজতা এক অন্যরকম অনুভূতি দেয়, যা পড়াশোনার ফাঁকে সতেজতা এনে দেয়।

পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাইফ উদ্দীন বলেন,আষাঢ়ের রুমঝুম বারিধারা যেন ববি ক্যাম্পাসকে দিয়েছে প্রানবন্ত এক রূপ। ইট রঙের কারুকার্যে ঘেরা ক্যাম্পাসের সবুজ গাছগাছালি যেন এই বারিধারারই পানে মুখিয়ে থাকে সর্বক্ষণ।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সুমাইয়া আক্তার সালমা বলেন,৫৩ একরের এই এক টুকরো সবুজ- শ্যামলে ভরপুর ক্যাম্পাস কে বৃষ্টি যেন এক নান্দনিক রূপ দান করে। বৃষ্টির দিনে ক্যাম্পাসের কদম ফুল, বৃষ্টিস্নাত ভবন, সবুজ গাছপালা আর ভেজা মাটির গন্ধ পরিবেশকে আরো শান্ত, স্নিগ্ধ করে তোলে যা এক অপরূপ মনোরম দৃশ্যের সৃষ্টি করে।

সানশাইন/তপু/শামি

 


প্রকাশিত: July 1, 2025 | সময়: 2:38 pm | Daily Sunshine