সর্বশেষ সংবাদ :

ইসরায়েলি আগ্রাসনের প্র/তি/বা/দে চারঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, পণ্য বয়কটের আহ্বান

মোঃ রাজন আলী (ডিজিটাল):

ফিলিস্তিনের রক্তাক্ত মাটির প্রতি সহমর্মিতা জানিয়ে রাজশাহীর চারঘাটে রাজপথে নেমেছে শত শত মানুষ। গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বো/মা হামলা, শিশুদের ওপর নির্বিচার হ*ত্যাকাণ্ড ও নারীদের আর্তনাদে স্তব্ধ মানবতার প্রতিবাদে শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকেলে ৫টায় মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ কর্মসূচি শুরু হয়।

 

স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের সংগঠন ‘তৌহিদী জনতা’ এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মুখে মুখে ধ্বনিত হয় একটাই স্লোগান–“ফ্রি প্যালেস্টাইন, জালিম ইসরায়েল নিপাত যাক!”

 

 

মিছিলটি মোক্তারপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সারদা বাজারে পৌঁছায়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আয়োজকেরা। এরপর আবার মুক্তারপুর ট্রাফিক মোড়ে ফিরে এসে কর্মসূচি শেষ হয়।

 

এ সময় বক্তারা বলেন, “ইসরায়েল পরিকল্পিতভাবে শিশু, নারী ও বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে গণহত্যা চালাচ্ছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অবস্থায় আল্লাহর পথে জিহাদ শুধু কর্তব্য নয়, বরং ঈমানের দাবিও বটে।”

 

তারা আরও বলেন, “জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিপীড়িতদের পাশে থাকা এবং সচেতনতা ছড়ানোই এখন আমাদের দায়িত্ব। এজন্য সবাইকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়। বিশেষ করে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলা হয়, তারা যেন সচেতনভাবে ইসরায়েলি পণ্য বিক্রি থেকে বিরত থাকেন।”

 

বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘গাজা কাঁদছে, মানবতা কোথায়’ এই ধরনের স্লোগানে মুখর করে তোলেন সারদা বাজার এলাকা। এছাড়াও তাদের কণ্ঠে শোনা যায়: “ইসরায়েলি পণ্য বর্জন করো!” “ফিলিস্তিন মুক্ত হোক, “ইসরায়েল নিপাত যাক!” “গাজা কাঁদছে-তুমি কি চুপ থাকবে?” “জালিমের সাথে আপস নয়, সংগ্রাম সংগ্রাম!

 

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সমাজভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা ফিলিস্তিনের জন্য দোয়া ও মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।


প্রকাশিত: April 18, 2025 | সময়: 6:31 pm | Daily Sunshine

আরও খবর