, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সংযুক্তির একদিনের মাথায় পাঁচ নেতার নাম প্রত্যাহারের ঘটনায় নাটোরের বড়াইগ্রামের রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় সদ্যঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ ৫ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে শ’ শ’ গাড়ি আটকে পড়ে।
এ সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন। বক্তব্য দানকালে বিক্ষুব্ধ নেতা বলেন, ১৭ বছরের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা তাদের জন্য অপমানজনক এবং মানহানিকর।
বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন, রাজপথের ত্যাগী, নির্যাতিত, লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার পর কিভাবে তা প্রত্যাহার হল তা তদন্ত হওয়া উচিত। যদি প্রত্যাহার করা নেতাদের দ্রুত কমিটিতে পুনর্বহাল করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন নেতাকর্মীরা।
এর আগে গত ২৪ মার্চ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এর একদিন পর তারই স্বাক্ষরিত অপর চিঠিতে কমিটি থেকে এ হাই তালুকদার ডালিম, রাসেল আহম্মেদ রনি, ফয়সাল আহম্মেদ আবুল, শামসুল ইসলাম রনি ও সানোয়ার হোসেন তুষারের নাম প্রত্যাহার করা হয়। সেইসাথে অপর পাঁচটি নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়।