বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু:
নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় মহাদেবপুরের বাজার থেকে ১০০ কেজি মাছ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার মডেল মোড় পাইকারি মাছ বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মো. আরিফুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাজিব আহমেদ-সহ একটি টিম ১০০ কেজি নিষিদ্ধ মাছ জব্দ করেন। অভিযানের খবর পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে মাছগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, পিরানহা মাছ অত্যন্ত আক্রমণাত্মক এবং দেশীয় মাছের জন্য হুমকিস্বরূপ। শুধু তাই নয়, এ মাছ খেলে মানবদেহের পাকস্থলীর কার্যক্রম ব্যাহত হতে পারে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে এবং মূত্রনালিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এ কারণে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সরকার এই রাক্ষুসে মাছের উৎপাদন, বংশবৃদ্ধি ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে।
সানশাইন/রাজন