সর্বশেষ সংবাদ :

রাবি’র বিভিন্ন শাখায় প্রশাসক ও পরিচালক নিয়োগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় প্রশাসক ও পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। রবিবার এসব নিয়োগ দেয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কোষাধ্যক্ষ হিসেবে ড. মো. সেতাউর রহমানকে নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রবিবার (২৯ সেপ্টেম্বর) এই নিয়োগ দেন। ড. সেতাউর রহমান আরবী বিভাগের প্রফেসর।আরবী বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. সেতাউর রহমান ২০০৬ সালে প্রভাষক হিসেবে আরবী বিভাগে যোগ দেন ও ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। এর আগে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন।
তাঁর প্রায় ২০টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে ও ২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ৭টি এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে ৩ জন গবেষক তাঁর তত্ত্বাবধানে কাজ করছেন।
রাবি ছাপাখানার প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ড. মাহফুজুর রহমান আখন্দকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাপাখানার প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রবিবার এই নিয়োগ দেন।
প্রফেসর আখন্দ রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি রাবি থেকে ২০০০ সালে এমফিল এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মাহফুজুর রহমান আখন্দ ২০০২ সালে প্রভাষক হিসেবে রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০১৫ সালে প্রফেসর পদে উন্নীত হন। রাবিতে যোগদানের আগে তিনি ঢাকায় বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্র এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি একজন কবি ও শিশুসাহিত্যিক হিসেবেও পরিচিত। তাঁর ২৪টি গ্রন্থ ও ৪৪টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নাল, সম্মেলন প্রকাশনা ও গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি ২টি পিএইচডি ও ৯টি এমফিল গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে ৫ জন পিএইচডি গবেষক তাঁর তত্ত্বাবধানে কাজ করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত।
ড. পারভেজ হাসানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (আইবিএসসি) পরিচালক নিয়োগ করা হয়েছে। তিনি একই ইনস্টিটিউটের প্রফেসর। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ রবিবার এই নিয়োগ দেন। তিনি রাবির প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে তিনি রাবির ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. পারভেজ হাসান ১৯৯৮ সালে সহকারী অধ্যাপক হিসেবে রাবি আইবিএসসিতে যোগ দেন ও ২০১০ সালে প্রফেসর পদে উন্নীত হন। আইবিএসসিতে যোগদানের আগে তিনি কিছুদিন একটি বহুজাতিক ওষুধ কোম্পানীতে ও সৌদি আরবে একটি হাসপাতালে ক্লিনিক্যাল ডায়েটিসিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
তার ১টি গ্রন্থ ও ১টি গ্রন্থের অধ্যায়সহ ৫৩টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নাল, সম্মেলন প্রকাশনা ও গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি ২০টি পিএইচডি ও ৪টি এমফিল গবেষণা তত্ত্বাবধান করেছেন।


প্রকাশিত: September 30, 2024 | সময়: 7:03 am | সুমন শেখ

আরও খবর