, , ।
সানশাইন ডেস্ক: হাতে মেহেদি রাঙানো। মেহেদি রাঙানো তার হাতে লেখা আছে, আই লাভ ইউ। দুই হাত পেছন দিক করে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরিহিতা এ যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া। এমন এক যুবতীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা এলাকার তিস্তা নদী চর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা বলেন, তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। নিহতের দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরা ছিল। তার মুখ ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কোনো কিছু দিয়ে তার মুখ ঝলসে দেয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে অজ্ঞাত এক যুবতীর মরদেহ দেখতে পান। পরে আদিতমারী থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছে পুলিশ।