সর্বশেষ সংবাদ :

বিএনপি’র নামে চাঁদা চাইলেই তাকে পুলিশে দিন – মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনও চাঁদা বাজদের সঙ্গে বিএনপ’র সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদা-বাজি করে তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিন।

 

 

আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে গিয়ে এক সমাবেশে এসব কথা বলেন ফখরুল।

 

 

বিএনপ’র মহাসচিব বলেন, বিএনপি’র ভাবমূর্তি নষ্ট হয় এমন সংবাদ গণমাধ্যমে প্রায়ই আসছে। তবে এসব কর্ম-কাণ্ডের সঙ্গে বিএনপি’র কোনও সম্পর্ক নেই।

 

 

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন।

 

 

মির্জা ফখরুল বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে মাত্র ২০ থেকে ২২ দিন হলো। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি, যাতে তারা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। নতুন সরকারকে সময় দিতে হবে, আমরা তাদের সময় দিতে চাই।

 

 

তিনি আরও বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

 

 

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন-সহ আরও অনেকে।


প্রকাশিত: August 31, 2024 | সময়: 5:04 pm | Daily Sunshine