সর্বশেষ সংবাদ :

ফারাক্কা গেট খুলে দেয়া; এটি একটি স্বাভাবিক ঘটনা -ভারত

নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এতে একদিনে বাংলাদেশে ঢুকে ১১ লাখ কিউসেক পানি। বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা চলার মধ্যে ফারাক্কার গেট খোলার বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়। এ পরিস্থিতিতে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

 

গত সোমবার (২৬ আগস্ট) রাতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

 

রণধীর জয়সোয়াল বলেন, ফারাক্কার গেট খোলা নিয়ে প্রচার-মাধ্যমের রিপোর্ট দেখেছি, যা গঙ্গা/পদ্মা নদীতে তার প্রাকৃতিক প্রবাহপথে নদীর ভাটিতে ১১ লাখ কিউসেক পানি যেতে দেবে বলে জানানো হয়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা, যা বর্ষার সময় প্রতি বছরে ঘটে থাকে।

 

 

রণধীর জয়সোয়াল আরও বলেন, উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টির ফলে নদীর প্রবাহ বাড়ে। এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারাজ, বাঁধ নয়। যখনই পানির স্তর উঠে আসে, তখনই এটা ঘটে। এটি শুধু একটি কাঠামো, যেটা ফারাক্কা খালে ৪০ হাজার কিউসেক পানি প্রবাহিত করার জন্য নির্মিত। এই যে ব্যবস্থা, সেটা চালানো হচ্ছে গঙ্গা/পদ্মা নদীর ওপর গেট ব্যবহার করে।

 

 

মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যে বিষয়টি নিয়ে ভিডিও ও গুজব ছড়ানো হচ্ছে। এক ধরনের ভয়ের পরিস্থিতি সৃষ্টির চেষ্টাও চলছে। এ ধরনের প্রচেষ্টাকে তথ্য দিয়ে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

 

 

তিনি আরও বলেন, প্রোটোকল অনুযায়ী তথ্য-উপাত্ত নিয়মিত ও সময়মতো বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদেরকে জানানো হয়। এবারও সেটাই করা হয়েছে।

 

 

ভারত সরকারের একটি সূত্র বলছেন, তথ্য ও পরিসংখ্যান সময়মতো বাংলাদেশকে জানানো হয়েছে। দুই দেশ একটি হোয়াটস-অ্যাপ গ্রুপও খোলা হয়েছে, যেখানে পানি-সংক্রান্ত যাবতীয় তথ্য আদান-প্রদান করা হচ্ছে।

 

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 27, 2024 | সময়: 10:40 am | Daily Sunshine

আরও খবর