, , ।
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) কোটা আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
গত মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ১৯ আগস্ট মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন। রিটের পক্ষে ব্যক্তিগত ভাবে তিনি শুনানি করবেন। আদালত এটি পরবর্তী শুনানি বৃহস্পতিবার (আজ) রেখেছেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের বিবাদী করেন।
রিট দায়েরের পর আরিফুর রহমান বলেন, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আ.লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল, বিদেশে পাচারকৃত ১১ লাখ কোটি টাকা ফেরত নিয়ে আসা, যেসব প্রতিষ্ঠান পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেগুলোর নাম পরিবর্তন করার নির্দেশনা চাওয়া হয়েছে।
সানশাইন/ আর এক্স