সর্বশেষ সংবাদ :

আন্দোলন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সকল যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে রাস্তায় নামতে শুরু করেছেন আন্দোলনকারীরা। ইতোমধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তারা। এ সময় মহাসড়ক অবরোধ করে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

আজ রোববার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢল নামে মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-সহ সাধারণ পেশার মানুষরা।

 

এর আগে গত শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান-মন্ত্রী এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

 

 

তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।

 

তিনি আরও বলেন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।

 

এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।


প্রকাশিত: August 4, 2024 | সময়: 11:56 am | Daily Sunshine

আরও খবর