সর্বশেষ সংবাদ :

ধলেশ্বরী নদীতে নৌকাডুবি, মিলল নিখোঁজ দুই জনের মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বঙ্গবন্ধু সেতু ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস।

 

উদ্ধারকৃতরা হলেন, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউপির বাহির কামতা দানেজ আলীর ছেলে রফিকুল (৪৫), এবং সাটুরিয়া সদর ইউপির উত্তর কাউন্নারা এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে রাসেল মিয়া (১৪)।

 

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুলাই) ভোরের দিকে জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া, ফকুরহাটি ও সাটুরিয়া সদর ইউনিয়নের মোট ৬০ জন একটি ট্রলার নিয়ে বঙ্গবন্ধু সেতু ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। ভ্রমণ শেষে ট্রলার নিয়ে ফেরার পথে ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে চলাচলরত বাল্কহেডের ধাক্কায় ৬০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ওই ট্রলারটি। এরপর ট্রলার থেকে উদ্ধার করা হয় জীবিত ৫৮ জনকে। তবে এদের মধ্যে মিলন নামে এক কিশোরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর নিখোঁজ থাকেন দুজন।

 

বৃহস্পতিবার সকালে দুটি লাশ নদীর কিনারে ভাসতে দেখন স্থানীয়র। এর পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে লাশ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান।


প্রকাশিত: July 25, 2024 | সময়: 5:51 pm | Daily Sunshine