, , ।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অটোরিকশা উল্টে এক মাদ্রাসা ছাত্র মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারজান হোসেন (১০) পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাথী গ্রামের লুৎফর বেপারীর ছেলে এবং রাজাপুর হিজবুল কোরআন মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল।
নিহতের মামা মো. হাসান জানান, মাদ্রাসা দুদিন বন্ধ দেওয়ার কারণে আমার বোন ভাগনে মারজানকে বাড়ি নিয়ে আসার জন্য দুপুরে রাজাপুর হিজবুল কোরআন মাদ্রাসায় যান। অটোরিকশায় তাকে নিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে কাঠিপাড়া এলাকায় আসলে গাড়িটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে আমার ভাগনে গুরুতর আহত হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, স্বজনেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।