সর্বশেষ সংবাদ :

বগুড়ার সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। গত শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার খরনা ইউনিয়নের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫) ও একই এলাকার প্রতিবেশী মৃত শামছুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)। তারা দুজনেই প্রাইভেটকারের যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিনহাজ রাজশাহী থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে নাটোরগামী একটি ট্রাক গাড়িটির সামনের দিক থেকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মিনহাজ উদ্দিন এবং গুরুতর আহত হন আশরাফুল ইসলাম। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে মিনহাজের লাশ এবং আশরাফুলকে  উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহত মিনহাজ উদ্দিনে বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই পেশায় একজন ব্যবসায়ী। সে তার কাজে আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে রাজশাহী যায়। সব কাজ শেষে বাড়ি ফেরার পথে বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাজার এলকায় পৌঁছালে নাটোরগামী একটি ট্রাক তার প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মিনহাজ। আর গুরুতর আহত হন আশরাফুল, পরে তিনিও মারা যান।

এ বিষয়ে নন্দীগ্রাম কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন ট্রাকচালক। এ ঘটনায় মামলা করেছে হাইওয়ে পুলিশ।


প্রকাশিত: July 13, 2024 | সময়: 7:46 pm | Daily Sunshine

আরও খবর