সর্বশেষ সংবাদ :

রামেক হাসপাতালে করোনা উপসর্গে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক বৃদ্ধা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে মারা যান তিনি। মারা যাওয়া ওই নারী নাটোর জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি ছিলেন তিনি।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন নারী মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।
এদিকে রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৭ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর চারজন, নাটোরের দুজন এবং পাবনার তিনজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি চারজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।


প্রকাশিত: December 18, 2021 | সময়: 6:06 am | সুমন শেখ

আরও খবর