সর্বশেষ সংবাদ :

রাজশাহী ধর্মসভায় প্রধানমন্ত্রী রোপণ করলেন রক্তচন্দনের চারা

স্টাফ রিপোর্টার :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দির প্রাঙ্গণে রক্তচন্দন গাছের একটি চারা রোপণ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগরীর গণকপাড়ায় অবস্থিত ধর্মসভা মন্দিরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির নেতারা।

তাঁদের মধ্যে ছিলেন রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকার, সহসভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার ও পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার।

মন্দিরে উপস্থিত পূজার্থী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। পরে মন্দির প্রাঙ্গণে রক্তচন্দন গাছের একটি চারা রোপণ করেন।

রাজশাহী ধর্মসভা জেলার অন্যতম ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান। দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর মন্দিরটির পূজামণ্ডপে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।

রাজশাহীর কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এর আগে সকালে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বাতেন/শাহজাদা


প্রকাশিত: October 20, 2026 | সময়: 7:15 pm | Daily Sunshine