, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের দাবির মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। হামলায় প্রত্যক্ষ মদদ এবং সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
এ ছাড়া হামলায় জড়িতদের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এর মধ্যে অভিযুক্তদের ছাত্রত্ব ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরে সিন্ডিকেটে অনুমোদনের মাধ্যমে তা চূড়ান্ত করার কথা রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় ইতোমধ্যে ফৌজদারি মামলা হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্তে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ প্রায় ১০ জন আহত হন। হামলায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার, মামলা, বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
সোমবার সন্ধ্যা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন সাংবাদিক ও শিক্ষার্থীরা। একপর্যায়ে ভেতরে উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করায় প্রশাসন ভবনের গেটে তালা দেওয়ার ঘটনাও ঘটে। এ সময় ‘সন্ত্রাসীরা বাইরে কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে উপাচার্যের উপস্থিতিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়।
এর আগে হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। হামলায় জড়িতদের নাম-পরিচয় প্রকাশ্যে থাকার পরও অজ্ঞাতনামা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন সাংবাদিকরা।
অন্যদিকে হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী। আরও ছয় নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।