সর্বশেষ সংবাদ :

চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনি, নিহত ১

স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘায় চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে শিমুল (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সমজান (৫০) আলী নামে আরেকজন ব্যক্তি,তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে শিমুল ও সমজান আলীকে আটক করে মারধর করেন।

 

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে রাত পৌনে ২টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। আহত সমজান আলী কে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। অচেতন থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মোস্তফার ছেলে এবং সমজান আলী একই গ্রামের নবির উদ্দিনের ছেলে।

 

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বাড়ির মালিক ইয়ারুলের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 7, 2026 | সময়: 8:40 pm | Daily Sunshine