সর্বশেষ সংবাদ :

সংবাদমাধ্যমের সঙ্গে কোনো ‘দূরত্ব’ আছে বলে মনে করে না জামায়াত

সানশাইন ডেস্ক: দেশের সংবাদমাধ্যমের সঙ্গে কোনো ‘দূরত্ব’ রয়েছে বলে মনে করে না জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
সোমবার রাজধানীতে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যায়যায়দিন সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) আহ্বায়ক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক ও এনইসির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, দৈনিক ইত্তেফাকের তাসমিমা হোসেন, নিউ নেশনের আকরাম হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, কালবেলার সন্তোষ শর্মা, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার শফিকুল আলম।
জামায়াতের প্রচার বিভাগের একজন জানান, সভায় আরো কয়েকজন সম্পাদক ছিলেন, তারা হলেন, মানবকন্ঠের শহীদুল ইসলাম, খবরের কাগজের মোস্তফা কামাল, আজকের পত্রিকার কামরুল হাসান, সময়ের আলোর সৈয়দ শাহ নেওয়াজ করিম, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, ঢাকা মেইলের হারুন জামিল।
সাংবাদিকদের সামনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আমাদের আমন্ত্রণে আজকে গণমাধ্যমের অনেক সম্পাদকেরা এসেছিলেন। অনেক সিনিয়র সাংবাদিকরা এসেছেন।” এ সময় গণমাধ্যমের সঙ্গে জামায়াতের দূরত্ব নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা মনে করি না জামায়াতের সাথে গণমাধ্যমের দূরত্ব আছে।”
এ সময় পরওয়ারের ডান দিকে দাঁড়ানো দলের সহকারী সেত্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, “দূরত্ব আছে বলে মনে হয় না।” পরওয়ারের বাঁ দিকে থাকা আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “কখনোই (দূরত্ব) ছিল না। এরপর মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি, আজকের সভাটিও এর অংশ।”
সভায় অংশ নেওয়া একাধিক নেতা জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধী দলের ভূমিকা কী হতে পারে, সেজন্য সম্পাদকদের পরামর্শ চান। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারকে দোষারোপ করেন শফিকুর রহমান। দীর্ঘ বক্তব্যে তিনি দ্রব্যমূল্যের উধ্বর্গতি, সারের সংকট, প্রশাসনে ‘দলীয়করণ’ নিয়ে সরকারের সমালোচনা করেন।
সম্পাদকদের কেউ কেউ জামায়াতের ‘পাশে’ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দলটির একজন নেতা জানান। সম্পাদকদের মধ্যে শফিক রেহমান, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, সাজ্জাদ শরিফ বক্তব্য দেন। বেলা সোয়া ১২টায় মতিবিনময় শুরু হয়ে শেষ হয় ২টায়। উপস্থিত অনেকেই নিজেদের অবস্থান, প্রতিক্রিয়া তুলে ধরেন সভায়। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও শফিকুল ইসলাম মাসুদ মতবিনিময়ে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:16 am | সুমন শেখ