জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাসিক দলের জার্সি উন্মোচন ও বিতরণ

স্টাফ রিপোর্টার: আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’, রাজশাহী। এ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশন দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দলের জার্সি উন্মোচন করেন এবং খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি রাজশাহী সিটি করপোরেশন দলের অধিনায়ক হিসেবে নেহালের নাম ঘোষণা করেন।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তিনি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম চালু করেছেন।
এ সময় রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্ট আয়োজন করা হবে।
এ সময় রাসিক প্রশাসক টুর্ণামেন্টে খেলোয়াড়দের শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান এবং দলের সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন টিম কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, দলের কোচ শ্যামল পারভেজ শিমুল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলসহ মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।


প্রকাশিত: August 22, 2026 | সময়: 4:09 am | সুমন শেখ