, , ।
স্পোর্টস ডেস্ক: বাবাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। বুধবার দীর্ঘ এক আবেগঘন বার্তায় প্রথমবারের মতো বাবাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন আর্জেন্টাইন মহাতারকা। সেই শোকের মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উদ্দেশে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় সমবেদনা জানিয়েছেন পর্তুগিজ তারকা।
রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে এবং তোমার পরিবারকে একটি বড় আলিঙ্গন। শক্ত থাকো, লিও!’ মেসির বাবা হোর্হে মেসি গত শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। বাবার মৃত্যুর পর বুধবার দেওয়া দীর্ঘ বিবৃতিতে মেসি জানান, জীবনের সবচেয়ে কঠিন এই সময়ে তিনি নিজেকে সামলাতে পারছেন না। এমনকি ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়েও তার মনে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়।
মেসি লিখেছেন, ‘আমি জানি না তোমাকে ছাড়া কী করব, কিভাবে এগিয়ে যাব। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আমার গুরুতর সন্দেহ হচ্ছে যে আমি আর কতদিন এটি চালিয়ে যাব। তুমি শুরু থেকে শেষের কাছাকাছি সময় পর্যন্ত আমার পাশে ছিলে। কেন আর একটু অপেক্ষা করলে না, যাতে আমরা একসঙ্গে শেষ করতে পারতাম?’
বাবার সঙ্গে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিও বারবার ফিরে এসেছে মেসির লেখায়। শৈশব থেকে ফুটবলের প্রতিটি ধাপে জর্জ ছিলেন তার পাশে- বাবা, বন্ধু এবং প্রতিনিধি হিসেবে। মেসির ফুটবল জীবনের সাফল্য-ব্যর্থতার প্রতিটি মুহূর্তও তিনি কাছ থেকে দেখেছেন। রোনালদোর পাশাপাশি মেসির এই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন আরও বেশ কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, আর্তুরো ভিদাল, হুলিয়ানো সিমিওনে, রিচার্লিসন ও থিয়াগো আলমাদা।
ফুটবল মাঠে দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা বহু বছর ধরে ভক্তদের মুগ্ধ করলেও, মেসির ব্যক্তিগত শোকের মুহূর্তে রোনালদোর এই বার্তায় উঠে এসেছে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।