সর্বশেষ সংবাদ :

রাবিতে এআই নেভিগেটরের সনদ প্রদান

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এআই ফর অল’ উদ্যোগের আওতায় রাজশাহী বিভাগের ‘এআই নেভিগেটর ২০২৬’ কর্মসূচির সনদ প্রদান ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষকদের জন্য নতুন উদ্যোগ ‘এআই কনফিডেন্ট’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, ‘এআই ফর অল-এআই নেভিগেটর’-এর বাংলাদেশ প্রতিনিধি মো. সাদমান সাকিব চৌধুরী এবং ‘সেন্ড এ লিটল হোপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক নূরুল মোমেন। এছাড়া বক্তব্য দেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘এআই নেভিগেটর ২০২৬’ কর্মসূচির আওতায় তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপাচার্য।
পরে ‘নেভিগেটিং দ্য এআই ফিউচার’ শীর্ষক সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, টিচেবল মেশিন, আধুনিক এআই সরঞ্জাম, এআইভিত্তিক উচ্চশিক্ষা ও কর্মজীবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।
আয়োজকেরা জানান, দেশের সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা এ কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে বাংলাদেশের উচ্চশিক্ষায় দায়িত্বশীল ও কার্যকরভাবে এআই ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ‘এআই ফর অল’ উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:46 am | সুমন শেখ

আরও খবর