সর্বশেষ সংবাদ :

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

সানশাইন ডেস্ক: আজ (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি উদযাপনে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, বিশেষ প্রার্থনা এবং সাংস্কৃতিক আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
গতকাল (মঙ্গলবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের বরাতে এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। কর্মসূচি অনুযায়ী, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। দেশের ৬৪ জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাহিত্য ও ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
আজ সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। একই দিন সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এছাড়া দেশের সব জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন স্থানে শহরের প্রধান সড়ক, সড়কদ্বীপ ও জুলাই স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হবে। একই সঙ্গে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি জাদুঘর জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। শিশুদের জন্য বিনোদনকেন্দ্রও বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে। সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হবে। এছাড়া দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।


প্রকাশিত: August 5, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ

আরও খবর