সর্বশেষ সংবাদ :

রুয়েটে লিন ম্যানেজমেন্ট ও কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার: ‘অপচয় রোধ, প্রক্রিয়ার উন্নয়ন এবং ধারাবাহিক উন্নতির সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে কীভাবে কোনো শিল্প প্রতিষ্ঠান সর্বোচ্চ মান নিশ্চিত করতে পারে’ এ বিষয় নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় রুয়েট প্রশাসনিক ভবনের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) সেমিনার রুমে এই সেশনটি অনুষ্ঠিত হয়। সেশনটির আয়োজন করে রুয়েট আইপিই ক্লাব।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির অনটেক্স হাইজিনআর্টিকেল ডয়েচল্যান্ড জিএমবিএইচ-এর কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট অ্যান্ড ডিজিটাল ট্র্যান্সফরমেশন লিডার ড. প্রকৌশলী মনিরুদ্দোজা আশির। তিনি লিন ম্যানেজমেন্টের মূল দর্শন, অপচয় হ্রাস, প্রক্রিয়াগত দক্ষতা বৃদ্ধি, মূল্য সংযোজন এবং ধারাবাহিক উন্নতির সংস্কৃতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক উৎপাদন শিল্পে লিন ম্যানেজমেন্টের বাস্তব প্রয়োগ, ধারাবাহিক উন্নতি উদ্যোগ এবং ডিজিটাল ট্রান্সরমেশন এর নানা অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের মাঝে আলোকপাত করেন।
সেশনের শেষাংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা লিন ইমপ্লিমেন্টেশন, ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্স, ডিজিটাল ট্র্যান্সফরমেশন এবং শিল্পখাতে ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। প্রধান বক্তা বাস্তব অভিজ্ঞতার আলোকে এসব প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
আয়োজন বিভাগের শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ জানান, উৎপাদন খাত, অপারেশনস, কোয়ালিটি কন্ট্রোল কিংবা ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন ৪.০ নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেশনটি অত্যন্ত সময়োপযোগী এবং ফলপ্রসূ ছিল। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, পাঠ্যবইয়ের সীমানা পেরিয়ে বাস্তবশিল্পে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এই আলোচনা শিক্ষার্থীদের নতুন পথ দেখাবে। অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।
অংশগ্রহণকারীরা সেশনটিকে তথ্যবহুল, বাস্তবমুখী এবং সমসাময়িক শিল্প-ব্যবস্থাপনা চর্চার সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদারকরণ এবং বৈশ্বিক শিল্পচর্চা সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও একই বিভাগের সহকারী অধ্যাপক ও রুয়েট আইপিই ক্লাবের মডারেটর মো. আরিফুল হক সহ আইপিই বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।


প্রকাশিত: July 26, 2026 | সময়: 5:21 am | সুমন শেখ