, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার গবেষণা প্রকাশনা ও উচ্চশিক্ষা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত ‘রিসার্চ পাবলিকেশনস ইন্টারন্যাশনাল কোলাবরেশন এন্ড হায়ার স্টাডিজ শীর্ষক এই সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজার সভাপতিত্বে এই সেমিনারে মূল বক্তা (কি-নোট স্পিকার) ছিলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুয়িস্ট রিসার্চ প্রফেসর ও সেন্টার ফর ন্যানো ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলজির হেড অব রিসার্চ সাইদুর রহমান। রাবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম বলেন, আমাদের গবেষণার অন্যতম অন্যতম সমস্যা হলো অর্থায়ন ও গবেষণাগার আনুষঙ্গিক সুবিধার সীমাবদ্ধতা। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১৩/১৪টি হাই-ইমপ্যাক্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমাদের নবীন শিক্ষকদের জন্যও শিগগির নতুন কিছু গবেষণা প্রকল্প দেখা যাবে। আপনাদের কৃতবিদ্য শিক্ষকবৃন্দের সহযোগিতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গবেষণায় আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আজকের এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেখানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, আমরা যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চাই, তাদের জন্য আজকের সেমিনারটি গুরুত্বপূর্ণ। এই সেমিনারে প্রকৌশল অনুষদের যেসব শিক্ষার্থী উপস্থিত রয়েছে তারা আলোচ্য বিষয় ও উপস্থাপিত বিষয়গুলোর সঙ্গে ইতোমধ্যেই পরিচিত। তিনি মূল বক্তাকে অনুরোধ যাতে তিনি বিদেশে স্কলারশিপের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কেও ধারণা দেন। এসব তথ্য শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
সেমিনারে অন্যদের মধ্যে সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ও অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কালাম উদ্দিন সেমিনারটি সঞ্চালনা করেন।