বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
মো. রকিবুল হাসান তারেক, যবিপ্রবি প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর কোটি কোটি মানুষের প্রাণের উৎসব। বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীরা নিজেদের প্রিয় দলকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। তখন সেই জোয়ারে বাংলাদেশ ও পিছিয়ে নেই । যদিও বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব নেই। তবুও ফুটবলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা বিশ্বজুড়ে আলোচিত।
পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের ব্যস্ত সড়ক, সর্বত্রই এখন উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা। রাত জেগে খেলা দেখা, গোল উদযাপনে মেতে ওঠা কিংবা প্রিয় দলকে ঘিরে বন্ধুদের সঙ্গে তর্ক-বিতর্ক সব মিলিয়ে বিশ্বকাপ যেন বাংলাদেশের মানুষের নিজস্ব এক উৎসবে পরিণত হয়েছে।
এই বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসেও। তবে এখানে বিশ্বকাপের আবেগ প্রকাশ পেয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে রঙ আর তুলির আঁচড়ে। বিশ্ববিদ্যালয়ের একটি দেয়ালজুড়ে ফুটে উঠেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রতিচ্ছবি।
এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রাহিম। তাঁর সঙ্গে ছিলেন দুই সহপাঠী দীপ্ত ও জিসান। বিশ্বকাপকে ঘিরে নিজেদের ভালোবাসা প্রকাশ করতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের দেয়ালকেই বেছে নেন ক্যানভাস হিসেবে। রঙ আর তুলির ছোঁয়ায় ধীরে ধীরে সেখানে প্রাণ ফিরে পায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার প্রতিচ্ছবি।
নিজের এই উদ্যোগ সম্পর্কে আর্জেন্টিনা সমর্থক আব্দুর রাহিম বলেন, আমরা এখন শুধু মেসির জাদু উপভোগ করছি। তবে মেসিময় আর্জেন্টিনা দলের যে স্পিরিট, তাতে আমার বিশ্বাস আমরা আবারও চ্যাম্পিয়ন হতে পারব। মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, “The more you see, the more you are amazed. Leo is GOATED.”
কয়েক সপ্তাহ পর হয়তো বিশ্বকাপের উৎসব শেষ হয়ে যাবে। পতাকাগুলো নামিয়ে রাখা হবে, থেমে যাবে উল্লাসের কোলাহল। কিন্তু যবিপ্রবির দেয়ালে আঁকা এই রঙিন ভালোবাসা স্মরণ করিয়ে দেবে ফুটবল শুধু একটি খেলা নয়। এটি মানুষের আবেগ, পরিচয় এবং শিল্পেরও এক অনন্য ভাষা।
সানশাইন /শামি