বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১১ দলীয় ঐক্যের মতই আলাদাভাবে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে দলের কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় দিন থেকে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা। ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান করবে জামায়াত। ১ অগাস্ট সারা দেশে (মহানগরী, জেলা ও উপজেলা) গণমিছিল, ২ থেকে ৪ অগাস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে।
৫ অগাস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে সমাবেশ ও মিছিল হবে। এ ছাড়া জামায়াতের মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগে আরো কর্মসূচি পালিত হবে বলে জানান গোলাম পরওয়ার। জুলাই স্মরণে এর আগে গত ২৫ জুন ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জামায়াত জোটের ওই কর্মসূচি শুরু হচ্ছে জুলাই মাসের প্রথম দিন থেকে।
দুয়েকটি সংবাদমাধ্যম রাজনৈতিক দলের মুখপাত্রের মত লেখালেখি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই স্মরণে মঙ্গলবার দলের কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে কোনো সংবাদমাধ্যমের নাম প্রকাশ না করে তিনি বলেন, “একটি বড় ব্যবসায়ী করপোরেট গ্রুপের মালিকানাধীন সংবাদপত্রের ভূমিকা এমন হতে পারে না।
“ঠিক আছে, আপনি যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে থাকেন, বিএনপি যদি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, তাহলে ঘোষণা দিন যে আপনার এই পত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আপনি একটি দলের মুখপাত্র। এ ঘোষণা দিয়েই তাদের পত্রিকা প্রকাশ করা উচিত।” গোলাম পরওয়ার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আগে এসব পত্রিকাগুলো ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করত, আর এখন তারা বিএনপি সরকারের প্রতিনিধিত্ব করছে।”
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।