রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ হল স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্প্রতি এই ক্রীড়া উৎসবের পর্দা নামলো।
এবারের টুর্নামেন্টে মোট ৪টি ইনডোর গেমসের পাশাপাশি শিক্ষক ও সিনিয়রদের জন্য একটি বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫৫তম ব্যাচের সকল নবীন শিক্ষার্থীকে হলের পক্ষ থেকে বিশেষ উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ১৬ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত দাবা খেলায় ১ম স্থান অধিকার করেন ৫১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব, ২য় স্থান অর্জন করেন মওলানা ভাসানী হলের ৫৫তম ব্যাচের শিক্ষার্থী সুবির, ৩য় স্থান পান ৫১তম ব্যাচের শিক্ষার্থী আশিক এবং ৪থ স্থান অধিকার করেন আল বেরুনী হলের ৫৫তম ব্যাচের শিক্ষার্থী অভি। ১২ জনের অংশগ্রহণে ক্যারাম প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ৫৫তম ব্যাচের শিক্ষার্থী রিয়াদ এবং ২য় স্থান পান ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আতিক। ২৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বল নিক্ষেপ ইভেন্টে ১ম স্থান লাভ করেন ৫৫তম ব্যাচের শিক্ষার্থী আপেল মাহমুদ এবং ২য় স্থান অর্জন করেন ৫৫তম ব্যাচের শিক্ষার্থী মুজিব। এছাড়া ২০ জনের অংশগ্রহণে লুডু খেলায় ১ম ও ২য় স্থান অর্জন করেন যথাক্রমে ৫৫তম ব্যাচের শিক্ষার্থী রাফি ও ৫৫তম ব্যাচের শিক্ষার্থী মুজিব। অন্যদিকে শিক্ষক ও সিনিয়রদের মধ্যকার বিশেষ ম্যাচে ১ম স্থান অর্জন করেন হলের প্রোভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম, ২য় স্থান পান সিয়াম স্যার এবং ৩য় স্থান অধিকার করেন ৫২তম ব্যাচের শিক্ষার্থী সুইট।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ সালাম-বরকত হলের প্রোভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও ক্রীড়ামুখী রাখতে পারলে তারা যেকোনো ধরণের নেতিবাচক কর্মকাণ্ড, মোবাইল আসক্তি বা মাদক থেকে দূরে থাকবে। শহীদ সালাম-বরকত হলের সুশৃঙ্খল পরিবেশ এবং ক্রীড়াঙ্গনের এই ঐতিহ্য ধরে রাখতে হল প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
টুর্নামেন্টের অন্যতম আয়োজক ৫২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাহিদ তালুকদার বলেন, মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম হতে পারে। সুস্থ প্রতিযোগিতা, ক্রীড়াচর্চা এবং পারস্পরিক সম্প্রীতির মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় হতে পারে।
আরেক আয়োজক ৫২তম ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম মারুফ বলেন, খেলাধুলা মানুষকে শুধু বিজয়ী নয়, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। এখানে প্রতিযোগিতার পাশাপাশি গড়ে ওঠে বন্ধুত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও হল সংসদের ভিপি মারুফ হোসেন, ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জিএস মাসুদ রানা মিস্টু এবং ৪৭তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান আসিফ।
এছাড়াও আয়োজক ও সিনিয়রদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৫১তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আলিফ, ৫১তম ব্যাচের শিক্ষার্থী তাইফ আজিম, ৫২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মোত্তালেব সুইট, ৫২তম ব্যাচের শিক্ষার্থী মাইনুল ইসলাম শান্ত, ৫২তম ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম মারুফ, ৫২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবিদুর রহমান, ৫২তম ব্যাচের শিক্ষার্থী লাজিম লিমন এবং ৫২তম ব্যাচের শিক্ষার্থী মনির হুসাইন মিরন সহ হলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলামিন /শামি