সর্বশেষ সংবাদ :

ঈদের ছুটি মানেই বাড়ি ফেরার আনন্দ,প্রত্যাশা স্বস্তির সফর

নুরুজ্জামান,বাঘা :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানী-সহ দেশের বিভিন্ন শহরে কর্মব্যস্ত মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগা-ভাগি করতে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল গুলোতে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনের আনন্দ যেন ক্লান্তি আর ব্যস্ততাকে হার মানিয়ে দিচ্ছে। তবে যাত্রীদের প্রত্যাশা স্বস্তির সফর ।

 

 

সরেজমিন সীমান্তবর্তী উপজেলা রাজশাহীর বাঘা-সহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও নৌ পরিবহন -ঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীদের চাপ সামাল দিতে হিম-শিম খাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা । এ কারনে তারা অতিরিক্ত ট্রিপ পরিচালনা করছেন। কেউ পরিবারের জন্য ঈদের বাজার নিয়ে ফিরছেন, কেউবা দীর্ঘদিন পর বাবা-মায়ের মুখ দেখার আনন্দে উচ্চাসিত। শিশুদের চোখে-মুখেও ঈদ আনন্দের ঝিলিক স্পষ্ট।

তবে বাড়ি ফেরা মানুষের এই আনন্দযাত্রাকে ঘিরে বাড়ছে ভোগান্তির শঙ্কা । মহাসড়কে যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, ট্রেনের শিডিউল বিপর্যয় ও লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। যাত্রীদের অভিযোগ, স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন। এ দিক থেকে রাজশাহীর বাঘা-লালপুর, ঈশ্বরদী ও বনপাড়া হয়ে রাজধানী ঢাকার সাথে বাসের যোগাযোগ পূর্বের চেয়ে অনেক আংশে বাড়লেও অতিরিক্ত ভিড় এবং ভাড়ার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে মন্তব্য করেছেণ ঢাকা থেকে ঈদ বাড়ি ফেরা যাত্রীরা ।

এদিকে ঈদযাত্রা নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি, এ ছাড়াও দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও ধৈর্য ও সচেতনতার সঙ্গে যাত্রা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

অপর দিকে ঈদে ঘরে ফেরা মানুষ গুলো বলছেন, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর আপনজনের কাছে ফিরে আসার এক অন্য রকম অনুভূতি। তাই সবার প্রত্যাশা-এবারের ঈদযাত্রা হোক নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তির। প্রিয়জনের কাছে ফেরার প্রতিটি পথ হয়ে উঠুক আনন্দময় ও উৎসব মুখর ।

বাঘার কয়েকজন শিক্ষক বলেন, ঈদ শুধু উৎসব নয়, এটি হৃদয়ের টান, শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ। জীবিকার তাগিদে দূরে থাকা মানুষগুলো বছরের এই সময় টাতে মিলিত হয় পরিবারের সঙ্গে। তাই ঘরমুখো মানুষের এই যাত্রা শুধু পথচলা নয়, এটি ভালোবাসা, আনন্দ ও আত্মিক বন্ধনের প্রতিচ্ছবি। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতায় এবারের ঈদযাত্রা হোক নিরাপদ, স্বস্তিদায়ক এবং আনন্দময় । এমনটি প্রত্যাশা সকলের ।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: May 25, 2026 | সময়: 10:25 pm | Daily Sunshine