হামে মারা গেল আরও ১৩ শিশু, মৃত্যু ছাড়ল ৫০০

সানশাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৩ জন।
এ নিয়ে ভাইরাসজনিত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৫১২ শিশু মারা গেল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ জনের। এ ছাড়া হাম উপসর্গ নিয়ে ৪২৬ জন মারা গেছে। সব মিলিয়ে আড়াই মাসে ৫১২ শিশুর মৃত্যু হল।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৬৪ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৯ জন মারা গেছে রাজশাহী বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৪৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪২ জন, বরিশালে ৩১, ময়মনসিংহে ৩৫, খুলনায় ২১ ও রংপুর বিভাগে ৫ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ১ হাজার ৮৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১ হাজার ২৪ জন ভর্তি হয়েছে ময়মনসিংহের হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৫ জন ভর্তি হয়েছে রংপুরে। এ নিয়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৪৯৪ জন।


প্রকাশিত: মে ২৪, ২০২৬ | সময়: ৩:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ